১০ কারণে আফজল খানের পরাজয়
১০ কারণে হারলেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খান। আজ শুক্রবার সারা দিন আফজল খানের পরাজয়ের কারণ নিয়েই নগরবাসীর মধ্যে আলোচনার ঝড় ওঠে।ভোটার ও দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মধ্যে সমন্বয়হীনতা, সরকারদলীয় পাঁচ সাংসদের স্থানীয় রাজনীতি, আওয়ামী লীগ থেকে বিদ্রোহী দুজন মেয়র পদে প্রার্থী হওয়া, আফজল খানের পারিবারিক ভাবমূর্তি, আফজলের পরিবার থেকে একাধিক প্রার্থী হওয়া, শারীরিক অসুস্থতার কারণে ভোটারদের কাছে না যাওয়া, তরুণ প্রজন্মের মধ্যে পরিচিতির অভাব, বহিরাগতদের এনে ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার, সংখ্যালঘুদের ভোট না পাওয়া এবং কর্মীর অভাব থাকায় বর্ষীয়ান এ নেতা নির্বাচনে পরাজিত হন। তার ওপর নির্বাচন পরিচালনা কমিটি ৭২ বছর বয়সী এই নেতা সম্পর্কে ভোটারদের ধারণা না দেওয়ায় তাঁর ভরাডুবি হয়।নগরের কান্দিরপাড় এলাকার বাসিন্দা ফরিদ মিয়া ও মোস্তাক হোসেন বলেন, আফজল খান ভোটারদের দ্বারে দ্বারে যেতে পারেননি, যে কারণে তিনি ভোট পাননি।ঠাকুরপাড়া এলাকার বেশ কয়েকজন সংখ্যালঘু ভোটার বলেছেন, ‘নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা তাঁকে ভোট দিইনি। তাঁর পরিবারের সদস্যদের ভাবমূর্তির কারণে আমরা সব সময়ই ভয়ে তটস্থ থাকি।’জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, ‘আফজল খানের ফেল করার পেছনে বহুবিধ কারণ রয়েছে। সেগুলো এখন বলতে চাই না।’ এরপর তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।গতকাল বৃহস্পতিবার নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আফজল খান সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে ২৯ হাজার ১০৬ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে আফজল খান পেয়েছেন ৩৬ হাজার ৪৭১ ভোট, আর মনিরুল হক সাক্কু পেয়েছেন ৬৫ হাজার ৫৭৭ ভোট। এ নির্বাচনে আরও সাতজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের প্রত্যেকেরই জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচনে এক লাখ ৬৯ হাজার ২৭৯ জনের মধ্যে এক লাখ ২৭ হাজার ৭২টি ভোট নেওয়া হয়।