চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর চ্যানেলের পাশে ডলফিন জেটিতে গত শনিবার রাতে তেল বোঝাইয়ের সময় ওটি মুন নামের একটি দেশি ট্যাংকার ডুবে গেছে। এতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় ছড়িয়ে পড়েছে তেল। বিশ্ব পরিবেশ দিবসের দিনেই কর্ণফুলীতে ঘটেছে এ দূষণ। ট্যাংকারের নাবিকেরা নিরাপদে আছেন।বন্দর সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ডোবার সময় জাহাজে প্রায় ১৭০ টন ফার্নেস অয়েল ছিল। পাশের একটি ডিপো থেকে ওই ফার্নেস অয়েল বহির্নোঙরে অবস্থানরত জাহাজে জ্বালানি (বাংকার) হিসেবে সরবরাহের জন্য নেওয়া হচ্ছিল। দুর্ঘটনার পর ট্যাংকারটি জেটিতে বেঁধে রাখা হয়। এ কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচল ব্যাহত হয়নি।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বন্দরের ৫ নম্বর ডলফিন অয়েল জেটিতে ভিড়ে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড থেকে ফার্নেস অয়েল নিচ্ছিল ট্যাংকারটি। তেল ভরার সময় ট্যাংকারটি একদিকে কাত হয়ে ডুবতে শুরু করে। এ সময় তেল গোটা চ্যানেলে ছড়িয়ে পড়ে।কর্ণফুলী নদীর সদরঘাট এলাকা থেকে মেরিন একাডেমি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় এই তেলের আস্তর ছড়িয়ে পড়েছে। কর্ণফুলী নদীতে জোয়ার-ভাটার টানে এ তেল আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।ঘটনাস্থলে উপস্থিত একজন বন্দর কর্মকর্তা জানান, তেল ছড়িয়ে পড়ার পর ওই এলাকায় নদীর পানি দেখা যাচ্ছে না, কালো তেলে গোটা এলাকা সয়লাব হয়ে গেছে।রাতের মধ্যে নৌবাহিনীর ডুবুরির সহায়তায় ওটি মুনকে পাশের ডলফিন জেটির সঙ্গে শক্ত করে বাঁধা হয়। একই সঙ্গে জাহাজের ট্যাংক থেকে তেল বেরোনোর পথ বন্ধ করে দেওয়া হয়। ডুবন্ত ওই জাহাজে এখনো কিছু তেল আছে বলে জানা গেছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ধারণক্ষমতার বেশি ফার্নেস অয়েল ট্যাংকারে তোলা হয়েছিল। এ কারণে জাহাজটি ডুবে গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে দুই সদস্যের কমিটি করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ ও নৌ-বাণিজ্য অধিদপ্তর যৌথভাবে এ তদন্ত কমিটি করেছে।ওটি মুনের মালিক প্রতিষ্ঠান ইস্টার্ন বাংকার সার্ভিসেসের মালিক মো. সিরাজ উদ্দীন জানান, এটা নেহাত দুর্ঘটনা। জাহাজটির ধারণক্ষমতা ২২০ টন, কিন্তু জাহাজে ১৭০ টন বোঝাইয়ের পরই দুর্ঘটনা ঘটে।