১০ কোটি টাকার জাল নোট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাল নোট তৈরির দুটি কারখানার সন্ধান পেয়েছে। গতকাল শনিবার রাতে সন্ধান পাওয়া এসব কারখানা থেকে ১০ কোটি টাকার জাল নোট ও বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাল নোট তৈরি চক্রের প্রধান নুরুজ্জামান বিশ্বাস ও তাঁর নয়জন সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ অভিযান সম্পর্কে জানাতে আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করা হয়। সেখানে ডিবি পুলিশের উপকমিশনার মো. মাহাবুবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপকমিশনার মসিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল গতকাল বেলা দুইটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বাশেরপুলের আমিনবাগ ও কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে অভিযান চালায়। অভিযানে তারা জাল নোট তৈরির দুটি কারখানার সন্ধান পায়। এ সময় জাল নোট তৈরি চক্রের প্রধান নুরুজ্জামান বিশ্বাস (৫০), তাঁর ভাই খালিদুজ্জামান (৩৫), তাঁদের সহযোগী মঞ্জুরুল কামাল (৬০), আবদুর রহমান (৩৬), বাবু মিয়া (২৮), সুজন (২৭), জালাল উদ্দিন (২৫), শাবানা আক্তার (২৫), মাকসুদা আক্তার (২০) ও লিমা আক্তারকে (২০) সেখান থেকে গ্রেপ্তার করা হয়।মাহাবুবর রহমান বলেন, বাংলাদেশে প্রথম জাল নোট তৈরি শুরু করেন নুরুজ্জামান। যাদের কাছে তিনি জাল নোট বিক্রি করতেন, পর্যায়ক্রমে তারা আলাদা কারখানা গড়ে তোলে। এর আগে জাল নোট তৈরির মামলায় গ্রেপ্তার হয়ে ১৯ মাস জেলে ছিলেন নুরুজ্জামান। জেল থেকে বেরিয়ে তিনি আবার আগের ব্যবসায় জড়িয়ে পড়েন। ঈদুল আজহা সামনে রেখে চক্রটি কোটি কোটি টাকার লক্ষ্য নিয়ে তত্পরতা শুরু করে। গ্রেপ্তার হওয়া প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। সংবাদ ব্রিফিংয়ের সময় সেখানে হাজির করা হয় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের। এ সময় নুরুজ্জামান নিজেকে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক বলে দাবি করেন। তিনি ১৯৯৮ সালে জাল নোট তৈরি শুরু করেন বলে জানান। তখন তিনিই একমাত্র জাল নোট তৈরির কারখানার মালিক ছিলেন। যুক্তরাষ্ট্র ছাড়া সব দেশের মুদ্রা তৈরিতে তিনি পারদর্শী বলেও দাবি করেন নুরুজ্জামান।