১০ কোটি টাকার মানহানি মামলা
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ ছয়জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এ মামলাটি দায়ের করেন তিনি।বিচারক শাহরিয়ার কবির আগামী ৩০ অক্টোবর এ মামলার গ্রহণযোগ্যতার ওপর শুনানির তারিখ ধার্য করেছেন।মামলায় ছয়জন বিবাদী হলেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ওবায়দুল হক, সহকারী পুলিশ কমিশনার বিপ্লব সরকার, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশিদ। মামলায় জয়নুল আবদিন ফারুকের সামাজিকভাবে অপমানিত ও সম্মানহানির কারণে পাঁচ কোটি, গুরুতর আঘাত ও হত্যার চেষ্টার জন্য তিন কোটি, পুলিশ কর্তৃক মিথ্যা প্রতিবেদন দেওয়ার জন্য এক কোটি ৮০ লাখ ও চিকিত্সাবাবদ ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।গত বছরের ৬ জুলাই ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে সংসদ ভবনের সামনে বিরোধীদলীয় ২২ জন সাংসদ পদযাত্রা করেন। এ সময় পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুন-অর-রশীদ ও সহকারী কমিশনার বিপ্লব সরকারের নেতৃত্বে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ঘিরে রাখা হয়। সাংসদেরা এর প্রতিবাদ করলে আসামিরা জয়নুল আবদিনের হাতে থাকা স্ক্র্যাপ ব্যান্ডেজ টেনেহিঁচড়ে খুলে ফেলেন ও কিল-ঘুষি মারেন। একপর্যায়ে তাঁকে বেধড়ক লাঠিপেটা করা হয়। হারুন লাঠি দিয়ে জয়নুল আবদিনকে হত্যার উদ্দেশ্যে মাথার বাঁ পাশে গুরুতর আঘাত করেন। একপর্যায়ে তিনি ন্যাম ভবনে আশ্রয় নিলে সেখান থেকে তাঁকে টেনেহিঁচড়ে রাস্তায় এনে গুলি করার হুমকি দেওয়া হয়।গত বছরের ১০ জুলাই লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপিদলীয় সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজান, ঢাকা মহানগর পুলিশের তত্কালীন অতিরিক্ত উপকমিশনার হারুন-অর-রশীদ ও সহকারী কমিশনার বিপ্লব সরকারসহ অজ্ঞাতনামা আরও ৩০ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেন। গত ৩ সেপ্টেম্বর ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক তা গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন করা হলে গত ২৭ সেপ্টেম্বর শুনানি শেষে বিচারক জহুরুল হক তা খারিজ করে দেন।মারধর ও হত্যার চেষ্টার ঘটনার বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি মর্মে পুলিশ প্রতিবেদন দেয়। এতে বলা হয়, হরতালের সময় জয়নুল আবদিন ও মহিলা সাংসদ সৈয়দা আসিফা আশরাফি ওরফে পাপিয়া উসকানিমূলক আচরণ করেন। তখন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা করে। এতে অপ্রীতিকর ঘটনা ঘটে। নালিশি অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলেও বলা হয়। আদালত তা গ্রহণ করে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় নালিশি আবেদন খারিজ করে দেন।