১০ কোটি ডলার করে পাবে ফিলিস্তিন
ফিলিস্তিনকে প্রতি মাসে ১০ কোটি ডলার করে আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে আরব লীগ। ফিলিস্তিন কর্তৃপক্ষের আয়ের খাতে কর ও শুল্ক বাবদ প্রতি মাসে ১০ কোটি ডলার করে আসা অর্থ আটকে দিয়েছে ইসরায়েল। এই আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ফিলিস্তিন সরকারকে সমপরিমাণ অর্থ দিতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা ঐকমত্যে পৌঁছেছেন। গতকাল রোববার আল-জাজিরার এক খবরে এ তথ্য জানানো হয়। ইসরায়েল সরকার জানিয়েছে, ইসরায়েল ফিলিস্তিনকে মাসিক প্রদেয় অর্থ দেবে না। ওই অর্থ তারা ইসরায়েলি বিভিন্ন কোম্পানির কাছে ফিলিস্তিনিদের ঋণ পরিশোধ করতে ব্যয় করবে। জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে জিতে ফিলিস্তিন ‘অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ইসরায়েল তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেয়। ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরেকাত বলেন, গতকাল কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনকে অর্থ দিতে রাজি হয়েছে আরব রাষ্ট্রগুলো। তিনি বলেন, আরব রাষ্ট্রগুলো মাসিক ১০ কোটি ডলার দেওয়ার যে প্রস্তাব দিয়েছে, তাতে রাজি হয়েছেন তারা। এরেকাত বলেন, কাতারের প্রধানমন্ত্রী ও আরব লীগের সেক্রেটারি-জেনারেল আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রস্তাবের বাস্তবায়ন করবেন।এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আশঙ্কা প্রকাশ করেছেন, তহবিলের অভাবে ভেঙে পড়তে পারে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তিনি বলেন, কয়েক মাস ধরে কর্তৃপক্ষের অনেক কর্মচারী ঠিকমতো বেতন পাচ্ছেন না।