১০ গাড়ি শাড়ি-থ্রিপিস জব্দ, দুই ভারতীয়সহ আটক ১৫
ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে নামানোর পর গত বুধবার সন্ধ্যায় অন্তত তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য আটক করেছে পুলিশের বিশেষ শাখা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট। এ সময় দুই ভারতীয়সহ ১৫ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে গাড়ির চালকও আছেন।র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে র্যাব-১-এর পাঁচ কর্মকর্তাসহ ৩১ জন র্যাব সদস্য ক্যান্টনমেন্ট রেলস্টেশনে অবস্থান নেন। মৈত্রী এক্সপ্রেস আসার চার-পাঁচ মিনিট আগে ১০-১৫টি গাড়ি রেলস্টেশনে ঢোকে। থামার পর ট্রেনের বগি থেকে দ্রুত পণ্যগুলো অপেক্ষমাণ মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাবে বোঝাই করা হয়। এ সময় র্যাব পণ্যবোঝাই ১০টি মাইক্রোবাস-ট্যাক্সিক্যাবসহ ১৫ জনকে আটক করে।আটক ব্যক্তিরা হলেন কলকাতার রঘুনাথ সাহা (৪৯) ও গণেশ বিষ্ণু (৩৮) এবং বাংলাদেশের আবদুস সোবহান (৩৮), আবদুস সালাম পলাশ (৪৩), দেবল চৌধুরী (৪৯), আমজাদ হোসেন (৫৫), মো. ওহাব (৪০), রফিকুল ইসলাম (৩৮), ইসলাম উদ্দিন (৪৫), বাবলু (৩৫), বিপুল (৩৫), জামসেদ আলী (২৫), রুবেল (২৬), আসাদ (৩৭) ও আবদুল্লাহ (২০)। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, পণ্য বহনকারীরা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ভারতের সব পণ্য রেলস্টেশন থেকে নেওয়ার জন্য এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিংমলের এস এম ফ্যাশনের অন্যতম অংশীদার ফালু মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাব ভাড়া করেছিলেন। র্যাবের কর্মকর্তারা জানান, পণ্যভর্তি ১০টি গাড়ি আটকের সময় আরও দু-তিনটি মাইক্রোবাস পণ্য নিয়ে পালিয়ে গেছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানান, মূলত ফালু এসব চোরাই পণ্য এনে রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া মার্কেট, চাঁদনী চক ও প্রিয়াঙ্গন শপিং সেন্টারসহ বিভিন্ন মার্কেটে বাজারজাত করতেন। ফালুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।অভিযান পরিচালনাকারী দলের প্রধান র্যাব-১-এর মেজর মোহাম্মদ মোসতাক আহমেদ বলেন, উদ্ধার করা পণ্যের মধ্যে অন্তত পাঁচ হাজার পিস শাড়ি রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পণ্য বহনকারী, কাপড় ব্যবসায়ী ও গাড়িচালক রয়েছেন। তিনি জানান, উদ্ধার করা পণ্য গতকাল বিকেলে কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের ক্যান্টনমেন্ট থানায় সোপর্দ করা হয়েছে। র্যাব-১-এর পরিচালক লে. কর্নেল রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, এই পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।