১০ গ্রামের মানুষের দুর্ভোগ
‘মোরা বিউল্লা বইল্লা মোগে গালি দেয়, অবহেলা করে, ইলিকশন আইলে মোগো দরদি হাজে। ভোট নিয়া আর খবর নেয় না। মোগো চলাচলে ভোগান্তি কেউই দেহে না। মোরা ১০ গ্রামের মানুষ খুবই কষ্টে আছি। শেষে মোরা সবাই মিল্লা কচুরিপানা দিয়া সড়ক বানাইয়া হাঁটি।’ প্রচণ্ড ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের দিনমজুর পরিমল বাড়ৈ (৫৮)। পরিমলের সঙ্গে সুর মিলিয়ে একইভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন বাটরা গ্রামের নিতাই কর্মকার (৬০), রামশীল গ্রামের কালীপদ হালদার (৪৫), বাসাইল গ্রামের জগদীশ চন্দ্র বৈরাগীসহ অসংখ্য মানুষ। আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আঁক থেকে বাটরা সড়কটি সড়কটি দীর্ঘদিনে সংস্কার না হওয়ায় এ এলাকার ১০টি গ্রামের স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত পল্লি এলাকা রাজিহার ইউনিয়নটি অতি দরিদ্র সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এ এলাকার অধিকাংশ মানুষ শিক্ষা থেকে বঞ্চিত। দিনমজুর, জেলে, নৌকা চালানোই তাদের প্রধান পেশা। সহজ-সরল অল্প আয়ের মানুষগুলোর তেমন কোনো চাওয়া পাওয়া নেই বলে স্থানীয় বাসিন্দারা জানান। রামানন্দের আঁক গ্রামের বাসিন্দা নিতাই শীল (৫৫), শ্যামল চন্দ্র বাড়ৈ (৬২) ও নিখিল দাস (৪২) জানান, ইউনিয়নের রামানন্দের আঁক, রামশীল, বাহাদুরপুর, আমবাড়ী, রাজিহার, বাসাইল, পশ্চিম রাজিহার, আহুতিবাটরা, কোদাল ধোয়া ও আহুতিসহ ১০টি গ্রামের প্রায় অর্ধ লক্ষ মানুষ বসবাস করে। এ ১০টি গ্রামের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক রাজিহার রামানন্দের আঁক থেকে বাটরা সড়ক। দেশ স্বাধীনের পর এ সড়কটি নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে এ সড়কের কিছু অংশ এইচবিবি করা হয়। গত ২০ বছরে এ সড়কটির আর কোনো সংস্কার করা হয়নি। ভুক্তভোগীরা আরও জানান, বন্যা ও অতিবৃষ্টির কারণে এ সড়কের কাঁচা অংশের মাটি ধুয়ে গিয়ে জমিতে রূপান্তরিত হয়। কিন্তু সংস্কার হয়নি। বাটরা গ্রামের স্কুলশিক্ষক শ্যামসুন্দর বলেন, ‘স্বাধীনতার পর এ ১০টি গ্রামের মানুষের ভোট নেওয়ার জন্য সবাই আসেন, সড়কটি নির্মাণ করে দেওয়ার ওয়াদা করেন কিন্তু ভোট নেওয়া হলে আর আমাদের কেউ খোঁজ নেন না। এ এলাকার স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের কলেজে যেতে হলে অতিরিক্ত পোশাক নিয়ে বাড়ি থেকে বের হতে হয়।’ স্কুলছাত্রী সীমা বৈরাগী (১৬), সঞ্চিতা রানী (১৪) ও রিপন বাড়ৈ (১৩) জানান, সামান্য বৃষ্টি হলেই এ সড়কে হাঁটুপানি জমে যায়। বর্ষা মৌসুমে স্কুলে যেতে আলাদা জামা-কাপড় নিয়ে বাড়ি থেকে বের হতে হয়। রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হূদয় হালদার, সঞ্জয় মণ্ডল, সবুজ গাইন, উজ্জ্বল হালদার, টুম্পা হালদার, লিজাসহ কয়েকজন জানান, বর্ষা মৌসুমে কাদাপানি ঠেলেই প্রতিনিয়ত তারা স্কুলে আসা-যাওয়া করলেও অধিকাংশ শিক্ষার্থী বর্ষা মৌসুমে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এ এলাকার মানুষ সরকারের সব ধরনের আর্থিক অনুদান ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। উপজেলা সদরসহ স্কুল-কলেজে আসার একমাত্র পথ হচ্ছে বাটরা থেকে রাজিহারের কর্দমাক্ত রাস্তাটি। বর্ষা মৌসুমে এ রাস্তার ওপর থাকে হাঁটুপানি। গ্রামবাসী নিজেদের যাতায়াতের সুবিধার্থে কচুরিপানা দিয়ে সড়ক তৈরি করে যাতায়াত করে, যা কিছুদিন পরপর পচে যায়। এলাকার যুবসমাজ নতুন করে কচুরিপানা সংগ্রহ করে সড়কে দিয়ে সড়কটি সচল রাখে।রামানন্দের আঁক গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য ফটিক চন্দ্র বাড়ৈ জানান, উপজেলার রাজিহার রামানন্দের আঁক গ্রামের মধ্য দিয়ে বাটরা গ্রাম পর্যন্ত চলে গেছে তিন কিলোমিটার কাঁচা রাস্তা। এ রাস্তাটি দীর্ঘদিনেও মেরামত না হওয়ায় জমির সঙ্গে মিশে গেছে। বর্ষা মৌসুমে জনগুরুত্বপূর্ণ এ রাস্তার ওপর হাঁটু পরিমাণ পানি ও কাদা জমে থাকায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বাটরা গ্রামের রণজিৎ মিস্ত্রি জানান, তাঁদের গ্রামসহ উল্লিখিত গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা হাসপাতালে আনতে গ্রামবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। গ্রামগুলোতে প্রতিবছর ফসলের বাম্পার ফলন হওয়া সত্ত্বেও অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে তাঁরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য পান না।রামানন্দের আঁক গ্রামের মনতোষ হালদার জানান, রাজিহার রামানন্দের আঁক-বাটরা সড়কটি বিগত এরশাদ সরকারের আমলে কাবিখা প্রকল্পের মাধ্যমে মাটি কাটার কাজ করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে (১৯৯৭ সালে) রাস্তাটির উন্নয়নের জন্য এলজিইডিতে হস্তান্তর করা হয়। সে সময় রাস্তাটির উন্নয়নের কাজ শুরু করা হলেও বিগত চারদলীয় জোট সরকারের আমলে ওই এলাকার মানুষ নৌকা মার্কার ভোটার অভিযোগে সড়কের উন্নয়ন কাজ বন্ধ হয়ে যায়। জনচলাচলে রাস্তাটি সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ায় অতিসমপ্রতি স্থানীয় রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন তহবিল থেকে ও স্থানীয় কতিপয় যুবকের আর্থিক সহযোগিতায় রাস্তার কিছু স্থানে মাটি ভরাটের কাজ করা হয়। কিন্তু তা পানিতে তলিয়ে যাওয়ায় শেষে এলাকাবাসী কচুরিপানার সড়ক নির্মাণ করে চলাচল করছে। রাস্তাটি নির্মাণের জন্য একাধিকবার স্থানীয় সাংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ধরনা দিয়েও কোনো সুফল হয়নি বলেও তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি একাধিকবার উপজেলা সমন্বয় সভায় রাস্তাটি নির্মাণের জন্য দাবি করে আসছিলাম।’ আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘ওই তিন কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য এলজিইডি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পর এক কিলোমিটারের বরাদ্দ পাওয়া গেছে, যা খুব শিগগিরই কাজ শুরু করা হবে।’