১০ ঘণ্টা ধরে পড়ে আছে কাভার্ড ভ্যান
রাজধানীর আসাদ গেটের সামনে প্রায় ১০ ঘণ্টা ধরে পড়ে রয়েছে একটি বড় কাভার্ড ভ্যান। আজ রোববার ভোর পাঁচটার দিকে দুর্ঘটনার পর থেকে বেলা তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাভার্ড ভ্যানটি আড়াআড়ি অবস্থায় সেখানে পড়ে রয়েছে। এতে ওই এলাকায় যান চলাচলে অসুবিধা হচ্ছে।ঘটনাস্থলে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাসেলুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, কাভার্ড ভ্যানটি আসাদ গেটের সামনে কাত হয়ে পড়ে আছে। সকাল থেকে দুইবার কাভার্ড ভ্যানের ভেতর থেকে মালপত্র বের করার চেষ্টা করা হয়েছে। তবে মালপত্র অনেক বেশি থাকায় ভ্যানটি সরাতে দেরি হচ্ছে বলে জানান তিনি।কাভার্ড ভ্যানের মালিকপক্ষের একজন ফারুক আহমেদ বলেন, ভ্যানটি পাবনার হেমায়েতপুর থেকে ঢাকার দিকে আসছিল। আসাদ গেটের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে যায় ভ্যানটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়ক দ্বীপের ওপরে উঠে কাত হয়ে পড়ে যায়। ভ্যানের চালক ওই এলাকার আশপাশেই রয়েছেন বলে জানান তিনি। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।