১০ ঘণ্টা পর নৌযান চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে কয়েকদিন ধরে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে রাতভর ফেরি ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকছে। গতকাল শুক্রবার আবার রাত ১২টার দিকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আজ শনিবার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের রেডিও টেলিফোন অপারেটর মাহামুদ হাসান প্রথম আলো ডটকমকে জানান, কুয়াশার কারণে শুক্রবার রাত ১২টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর কিছু সময় আগে পাটুরিয়া থেকে প্রায় ৫০টি যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া তিনটি ফেরি মাঝনদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। তবে এক ঘণ্টা পর ফেরিগুলো ঝুঁকি নিয়ে চলতে শুরু করে এবং দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। এ সময় পাটুরিয়া ঘাটে একটি ও দৌলতদিয়া ঘাটে অন্য দুটি ফেরি যানবাহন নিয়ে নোঙর করে থাকে। এদিকে সারা রাত নদী পারাপার হতে না পারায় দুই ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়।