১০ ঘণ্টা পর ফেরি চালু
ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে আজ শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক এমএ বাতেন প্রথম আলো ডটকমকে জানান, ঘন কুয়াশার কারণে গতকাল রাত সাড়ে নয়টার পর থেকে নৌযান চলাচল ব্যাহত হয়। রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার কারণে নদীর নির্দেশক বাতি দেখতে না পারায় চালকেরা ফেরি নদীর মধ্যে নোঙর করে রাখতে বাধ্য হয়। এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে বহনকারী ভিআইপি ফেরি ‘ফরিদপুর’ পদ্মার হাজরা চ্যানেলে আটকা পড়ে। এছাড়া যাত্রীসহ শতাধিক যানবাহন নিয়ে ছয়টি ফেরি এবং এমভি খাজা নামের একটি লঞ্চ পদ্মা নদীর মাঝখানে আটকা পড়ে। কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে আটটার দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়।পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল রাত আটটা থেকে নয়টা এবং রাত দুইটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত দুই দফায় বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্র জানায়, কুয়াশায় নৌপথ আচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে রাত আটটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা খানিকটা কমে গেলে রাত নয়টায় ফেরি চলাচল শুরু হয়। তবে রাত দুইটার দিকে ঘন কুয়াশার কারণে আবার ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসা ৭০টি যানবাহন নিয়ে কেরামত আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, আমানত শাহ, কুমারী ও কপোতী নামের পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। এদিকে যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া প্রান্তে একটি ও দৌলতদিয়ায় চারটি ফেরি নোঙর করে। এতে উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় খোলা আকাশের নিচে আটকা পড়ে সারা রাত শীতে চরম দুর্ভোগ পোহান যাত্রীরা। কুয়াশা কেটে গেলে আজ সকাল আটটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান ও দৌলতদিয়া টার্মিনাল তত্ত্বাবধায়ক প্রথম আলো ডটকমকে জানান, দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের ছেড়ে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত তিন সারিতে কয়েক শ’ যানবাহন আটকা পড়ে। অন্যদিকে পাটুরিয়ায় এক কিলোমিটার এলাকা পর্যন্ত শতাধিক যাত্রীবাহী বাস, চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক ছোট যানবাহন আটকা পড়ে।