১০ জনের বিরুদ্ধে মামলা
বিশ্বজিত্ দাস হত্যার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত মূল পাঁচ হামলাকারীসহ ১০ জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা হয়েছে। আইনজীবী মাহবুব-উল-আলম বাদী হয়ে মামলাটি করেন। হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।মামলার ১০ জন আসামি হলেন: মোহাম্মদ মাহফুজুর রহমান ওরফে নাহিদ, মো. রফিকুল ইসলাম ওরফে শাকিল, মীর মো. নূরে আলম ওরফে লিমন, মো. ইমদাদুল হক, মো. ওবাইদুল কাদের, ইউনুস, তাহসিন, জনি, শিপুল ও কিবরিয়া।এদিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত সূত্রাপুর থানার পুলিশকে বিশ্বজিত্ হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে বলা হয়, বিশ্বজিত্ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এরই মধ্যে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলার সঙ্গে সংযুক্ত করে আইনজীবী মাহবুব-উল-আলমের করা নালিশি মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হলো। ৯ ডিসেম্বর পুরান ঢাকার জজকোর্ট এলাকায় নিরীহ পথচারী বিশ্বজিত্ দাসকে নৃশংসভাবে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। ১১ ডিসেম্বর মূল হামলাকারী পাঁচজনের পরিচয় নিশ্চিত করে গণমাধ্যম। তাঁরা হলেন: মো. রফিকুল ইসলাম ওরফে শাকিল, মীর মো. নূরে আলম ওরফে লিমন, মোহাম্মদ মাহফুজুর রহমান ওরফে নাহিদ, মো. ইমদাদুল হক ও মো. ওবাইদুল কাদের। এর মধ্যে চাপাতি দিয়ে প্রথমে কুপিয়েছেন শাকিল। অন্যরা রড আর লাঠি দিয়ে পিটিয়েছেন বিশ্বজিেক।খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বজিতের ওপর হামলাকারী ছাত্রলীগের ওই কর্মীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছিনতাই, মাদকসেবন, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। এর মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সাময়িক বহিষ্কার করেছিল দুজনকে। আবার দুজনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলেও তাঁরা নিয়মিত ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে অংশ নিতেন।