ওয়ার্ড কমিশনার নিউটন হত্যা মামলা
১০ জনের যাবজ্জীবন, ছয়জনকে খালাস দিয়ে হাইকোর্টের রায়
রাজধানীর ধানমন্ডির ওয়ার্ড কমিশনার সাইদুর রহমান নিউটন হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের (ডেথ রেফারেন্স) শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. ফজলুর রহমান ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।হাইকোর্টের রায়ে মোহাম্মদ খোরশেদ, শাহাদাত হোসেন, মনির হোসেন, কালা জাহাঙ্গীর, কাজী মোহাম্মদ ইসমাইল, কাজী তৌফিক আলম পিয়াল, সাদেকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আইয়ুব, রাসেল ওরফে বল্টু রাসেল ও মোহাম্মদ রুবেল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। অব্যাহতি পেয়েছেন শওকত হোসেন, কিলার আব্বাস, জাকির হোসেন, কামাল হোসেন, ইব্রাহিম খলিল ও নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু।প্রসঙ্গত, ঢাকার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার সাইদুর রহমান নিউটন ২০০২ সালের ১০ মে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে খুন হন। ওই দিনই নিউটনের মা রাবেয়া বেগম ধানমন্ডি থানায় মামলা করেন। ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে ২০০৬ সালের ২৪ মে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরুদ্দিন রায় দেন।ওই রায়ে ১০ জনের মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও দুজনকে খালাস দেওয়া হয়। রায়ে মৃত্যুদণ্ড পান মোহাম্মদ খোরশেদ, শাহাদাত হোসেন, মনির হোসেন, আব্বাস ওরফে কিলার আব্বাস, কালা জাহাঙ্গীর, ইব্রাহিম খলিল, কাজী মোহাম্মদ ইসমাইল, কাজী তৌফিক আলম পিয়াল, সাদেকুল ইসলাম চৌধুরী ও জাকির হোসেন। এই ১০ জনের মধ্যে হাইকোর্টের রায়ে কিলার আব্বাস, জাকির হোসেন ও ইব্রাহিম খলিল অব্যাহতি পান। অন্য সাতজনের দণ্ড পরিবর্তন করে হাইকোর্ট যাবজ্জীবন দণ্ড দেন।বিচারিক আদালতের রায়ে মো. আইয়ুব, রাসেল ওরফে বল্টু রাসেল, মো. রুবেল হোসেন, শওকত হোসেন, নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু ও কামাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে হাইকোর্ট শওকত হোসেন, কামাল হোসেন ও ব্যাঙ্গা বাবুকে খালাস দিয়েছেন।রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী, সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক এবং আসামিদের পক্ষে আইনজীবী এস এম শাহজাহান, মুনসুরুল হক চৌধুরী, মোতালেব ভূঁইয়া মামলা পরিচালনা করেন।