১০ জানুয়ারি থেকে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি
বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির দাবিতে ১০ জানুয়ারি থেকে সারা দেশে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতির ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া আজ বৃহস্পতিবার জামালপুরে আয়োজিত শিক্ষক সমাবেশে এ ঘোষণা দেন। সমাবেশের প্রধান অতিথি মো. সেলিম ভূঁইয়া এ সময় বলেন, ‘বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এখন সময়ের দাবি। এ দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১০ জানুয়ারি থেকে সারা দেশে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন।’ এ ছাড়া আগামী ২৩ জানুয়ারি ঢাকায় অবস্থান ধর্মঘটের আয়োজন করা হবে বলেও তিনি ঘোষণা দেন।শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জামালপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। জেলার ৩১২টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারী এ সমাবেশে অংশ নেন।