১০ জুনের আগেই তত্ত্বাবধায়ক সরকারের বিল আনেন
বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশকে যদি সংঘাতের হাত থেকে রক্ষা করতে চান তাহলে জাতীয় সংসদের এই অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকারের বিল আনেন। বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘১০ জুন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৯০ দিনের আলটিমেটাম শেষ হবে। ১০ জুনের আগেই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনতে হবে। সংবিধানে সংশোধন করতে হবে।’আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে আইনের শাসন নেই। বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ। সরকার নিজেদের দুর্নীতি আড়াল করতে একের পর এক বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে।গত ১২ মার্চ রাজধানী ঢাকায় জোটের এক মহাসমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারকে ৯০ দিনের আল্টিমেটাম দেন। আগামী ১০ জুন এই আল্টিমেটামের মেয়াদ শেষ হচ্ছে।