১০ জুলাই থেকে সারাদেশে ধর্মভিত্তিক ১২ রাজনৈতিক দলের ৩০ ঘণ্টার হরতাল
ধর্মভিত্তিক ১২টি রাজনৈতিক দল ও সংগঠন টানা ৩০ ঘণ্টার হরতাল ডেকেছে। আগামী ১০ জুলাই সকাল ছয়টা থেকে ১১ জুলাই দুপুর ১২টা পর্যন্ত দলগুলো ৩০ ঘণ্টার হরতাল আহ্বান করেছে।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ওই দলের নায়েবে আমির আবদুর রব ইউসুফি। সংবিধান সংশোধনী বিলে তিনটি বিষয়ের প্রতিবাদে ধর্মভিত্তিক দলগুলো এ হরতাল আহ্বান করেছে। এগুলো হলো সংবিধান সংশোধনী বিলে বিসমিল্লাহহির রাহমানির রহিমের ভুল অনুবাদ, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপন এবং জাতীয় নারী উন্নয়ন নীতি থেকে ইসলামবিরোধী ধারা বাতিল।হরতাল আহ্বানকারী দলগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, নেজামে ইসলাম পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), মুসলিম লীগ, ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ ও ন্যাপ ভাসানী।সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি আশরাফ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহম্মদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।