বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ৩৩টি আন্তনগর ট্রেন ১০ জুলাই থেকে নতুন সূচিতে চলাচল করবে। সবগুলো ট্রেনের যাত্রাপথে ভ্রমণ সময় ২৫ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের দুটি প্রকল্পের আওতায় চিনকি আস্তানা থেকে কুমিল্লার লাকসাম এবং কিশোরগঞ্জের ভৈরব থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত রেলের ডবল লাইনের কাজ দ্রুত গতিতে চলায় ধীর গতিতে ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।পরিবর্তিত সূচিতে বাংলাদেশের একমাত্র বিরতিহীন আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা ২০ মিনিট এগিয়ে আনা হয়েছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল সাতটার পরিবর্তে ভোর ছয়টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। একই সঙ্গে ট্রেনটি আবার ঢাকা থেকে বেলা তিনটা ২০ মিনিটের পরিবর্তে বেলা তিনটায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রী নিয়ে যাত্রা করবে। শুক্রবার থাকবে সাপ্তাহিক বিরতি। রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী বিকেল চারটা ৪০ মিনিটের পরিবর্তে বিকেল তিনটা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রী নিয়ে রওনা হবে। মহানগর প্রভাতী চট্টগ্রাম থেকে সকাল সাতটা ২০ মিনিটের পরিবর্তে সকাল সাতটায় যাত্রী নিয়ে ঢাকায় যাবে। চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন রাত নয়টার পরিবর্তে সাড়ে নয়টায় যাত্রা করবে। একই পথের পাহাড়িকা সকাল আটটার পরিবর্তে সোয়া আটটায় চট্টগ্রাম ছেড়ে যাবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা বিকেল সাড়ে পাঁচটার পরিবর্তে পাঁচটায় যাত্রা করবে। ঢাকা থেকে তারাকান্দি স্টেশনে অগ্নিবীণা সকাল সাড়ে নয়টার পরিবর্তে সকাল নয়টা ৪০ মিনিট এবং একই সঙ্গে ট্রেনটি তারাকান্দি থেকে ঢাকার উদ্দেশে বিকেল চারটার পরিবর্তে সাড়ে চারটায় যাত্রা করবে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেওয়ানগঞ্জ থেকে সকাল ছয়টার পরিবর্তে সাড়ে ছয়টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে। যমুনা এক্সপ্রেস ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতুর উদ্দেশে বিকেল চারটা ২০ মিনিটের পরিবর্তে চারটা ৪০ মিনিটে যাত্রা করবে। সিলেটগামী কালনী এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল তিনটার পরিবর্তে চারটায় ছেড়ে যাবে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তোফাজ্জল হোসেন বলেন, ডবল লাইনের কাজ চলার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথের সাতটি স্থানে চলন্ত ট্রেন থামিয়ে ধীরগতিতে চালানোর কারণে পরিচলন সময় ৪২ মিনিট বেড়ে গেছে। তাই আনুষ্ঠানিকভাবে পরিচলন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী এক বছর নতুন সূচিতে ট্রেনগুলো যাত্রী পরিবহন করবে।