১০ জুলাই সারা দেশে হরতাল ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ১০ জুলাই সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ার প্রতিবাদে দলটি এ হরতাল আহ্বান করেছে। আজ বুধবার দুপুরে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আমির সৈয়দ মো. রেজাউল করিম এ কর্মসূচি ঘোষণা করেন। সৈয়দ মো. রেজাউল করিম বলেন, ‘জাতীয় সংসদে উত্থাপিত সংবিধান সংশোধনী বিল পাস হলে পরদিন থেকে আমরা সরকার পতনের আন্দোলনে নামব।’ তিনি হরতালের আগে পাঁচ দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে ১ জুলাই চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিভাগীয় মহাসমাবেশ, ৪ ও ৫ জুলাই সারা দেশে থানায় থানায় এবং ৭ ও ৮ জুলাই জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ।এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা তুলে না দেওয়ার ব্যাপারে সরকারের যদি শুভবুদ্ধি উদয় হয়, তাহলে আমরা এসব কর্মসূচি প্রত্যাহার করব। আর যদি না করে লাগাতার ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে।’সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েত প্রমুখ উপস্থিত ছিলেন।