১০ জেলায় জামায়াত শিবিরের ঢিলেঢালা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের আট জেলায় জামায়াত-শিবিরের এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল গতকাল রোববার ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। নিজস্ব প্রতিবেদকেরা পাঠিয়েছেন বিস্তারিত খবর:চট্টগ্রাম: জামায়াতের চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদেককে গ্রেপ্তারের প্রতিবাদে দলটি চট্টগ্রাম ও কক্সবাজারে গতকাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আট ঘণ্টার হরতাল আহ্বান করে। হরতালে গাড়ি ভাঙচুর কিংবা নাশকতার কোনো খবরও পাওয়া যায়নি। তবে নগরের পাহাড়তলী এলাকায় যানবাহন চলাচলে বাধা দেওয়ার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। রাজশাহী: রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত আমির ও কেন্দ্রীয় শুরার সদস্য আবুল হাশেমকে গ্রেপ্তার এবং পুলিশের গুলিতে চাঁপাইনবাবগঞ্জে শিবিরের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে ডাকা আধা বেলার হরতালে সমর্থকেরা তেমন পিকেটিং করতে পারেনি। তবে জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সড়ক অবরোধের দাবি করা হয়েছে। তাতে নগরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও পিকেটিংয়ের কথা বলা হয়।বগুড়া: ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ ও কয়েকটি যানবাহন ভাঙচুরের মধ্য দিয়ে বগুড়ায় হরতাল পালিত হয়েছে। পুলিশ এসব ঘটনায় জামায়াতের নেতা ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল হক সরকারসহ শিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে। সকাল সোয়া নয়টার দিকে বগুড়ার প্রথম বাইপাসে বগুড়া ফিলিং স্টেশনের সামনে হরতাল-সমর্থকেরা তরমুজবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। বগুড়া সদর থানার পুলিশ ও দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বগুড়া-সান্তাহার সড়কের এরুলিয়ায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ ছাড়া শহরের সেউজগাড়ীসহ তিনটি স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা আটটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তবে এতে কেউ হতাহত হয়নি। এ সময় পুলিশ শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে।এদিকে দুপুরে শহরের চক সূত্রাপুর এলাকায় নিজ বাসা থেকে ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান বগুড়া শহর জামায়াতের সাবেক আমির মঞ্জুরুল হক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩ মার্চ স্টেডিয়াম ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জামায়াত-শিবিরের ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন। সিরাজগঞ্জ: সকাল সাতটার দিকে হরতালের সমর্থনে শহরের সমাজকল্যাণ মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ এসে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হরতালকারীরা একটি অটোরিকশা ভাঙচুর করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।