১০ ট্রাক অস্ত্র আটক মামলা: তদন্তের সময় বাড়ল আরও ৩ মাস
দশ ট্রাক অস্ত্র আটক মামলার তদন্তের সময় আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। আজ বুধবার শুনানির পর চট্টগ্রাম মহানগর আদালতের ভারপ্রাপ্ত দায়রা জজ মো. গোলাম সারওয়ার সময় বাড়ানোর এই আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী সময় বাড়ানোর আবেদন করেন।আদালত সূত্র জানায়, ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় অধিকতর তদন্তের সময়সীমা এ নিয়ে ১০ দফা বাড়ানো হয়েছে। নবম দফা তদন্তের সময়সীমা কাল বৃহস্পতিবার শেষ হবে। শুনানিতে অংশ নেন চট্টগ্রাম মহানগর আদালতের পিপি কামালউদ্দিন আহাম্মদ।২০০৪ সালের ১ এপ্রিল রাতে পুলিশ সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করে। এ ঘটনায় কর্ণফুলী থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করেন। এরপর আদালতে আসামিদের বিরুদ্ধে বিচারও শুরু হয়। মূল হোতাদের আড়াল করে বিচার শুরু হওয়ায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তত্কালীন পিপি আহসানুল হক মামলাটি অধিকতর তদন্তের আবেদন করেন। আদালতের নির্দেশে অধিকতর তদন্ত শুরুর পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন, সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন প্রভাবশালী সাবেক কর্মকর্তা গ্রেপ্তার হন। তাঁরা সবাই কারাগারে আছেন।