১০ ট্রাক অস্ত্র আটক মামলায় বাবর গ্রেপ্তার
চট্টগ্রামে ছয় বছর আগে ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত অস্ত্র ও চোরাচালান উভয় মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।আজ রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম ফজলুল বারী তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এ ছাড়াও ১৩ অক্টোবর বাবরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।এর আগে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, দশ ট্রাক অস্ত্র মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সচিব ওমর ফারুককেও আসামি করা হতে পারে। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামে ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে। এ ঘটনায় কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করেন। এরপর বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দায়সারা তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয় এবং আদালতে মামলার বিচারও শুরু হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ২০ নভেম্বর তত্কালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। আদালত সাতটি পর্যবেক্ষণের ভিত্তিতে এ তদন্ত পরিচালনার জন্য বলেন। চলমান তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সিআইডি সূত্র দাবি করেছে।১০ ট্রাক অস্ত্রের এই চালানটি এসেছিল চীন থেকে। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য চীনের রাজধানী বেইজিংয়ের সমরাস্ত্র কারখানা নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশন (নরিনকো) থেকে অস্ত্রগুলো সংগ্রহ করা হয়। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তত্কালীন কতিপয় কর্মকর্তা এই অস্ত্র সংগ্রহের ব্যবস্থা করেন। নরিনকোর ওয়েবসাইটে একে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যতম বৃহত্ কোম্পানি হিসেবে উল্লেখ করা হয়েছে।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে। আদালতের নির্দেশে ও সাতটি পর্যবেক্ষণের ভিত্তিতে মামলাটির অধিকতর তদন্ত করা হয়। সিআইডি ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তদন্তের সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন দাখিল করেছে। এ মামলার তদন্তের সময়সীমা নয় দফা বাড়ানো হয়েছে।