১০ ট্রাক অস্ত্র মামলার আসামি হাফিজ তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার প্রধান আসামি হাফিজুর রহমানকে আজ বৃহস্পতিবার তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন মহানগর হাকিম মাহবুবুর রহমান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান হাফিজের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত বছর ১০ ট্রাক অস্ত্র মামলার প্রধান আসামি হাফিজুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দুটি গোয়েন্দা সংস্থার প্রভাবশালী কর্মকর্তাদের নামপ্রকাশ করেন। তাঁর জবানবন্দির ভিত্তিতে সিআইডি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, এনএসআইয়ের পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহম্মেদসহ সাতজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র খালাস করা হয়। ভারতীয় বিচ্ছন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্র আনা হয় বলে হাফিজ ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন।