১০ ট্রাক অস্ত্র মামলার তদন্তের সময় বাড়ল ১৫ মে পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের মামলার তদন্তের সময়সীমা আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানোর আদেশ দিয়েছেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম শামসুল ইসলাম আজ বুধবার মামলার তদন্তকারী সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার তদন্তকারী সিআইডির এএসপি মনিরুজ্জামান চৌধুরী এ নিয়ে ১১ বার সময় বাড়ানোর আবেদন করেন। আবেদনের শুনানিতে অংশ নিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহমেদ আদালতকে বলেন, তদন্তকারী সংস্থার সর্বশেষ আবেদন অনুযায়ী সময় মঞ্জুর করলে আশা করি আর সময় বাড়ানোর প্রয়োজন হবে না। আদালত শুনানি শেষে তদন্তের সময়সীমা আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ মামলার তদন্ত বেশি দূর এগোয়নি। পরে বিগত তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়।