১০ ট্রাক অস্ত্র মামলার প্রধান আসামি হাফিজ তিন দিনের রিমান্ডে
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত চোরাচালান মামলার প্রধান আসামি হাফিজুর রহমানকে আবার তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার সকাল সাতটায় সিআইডি পুলিশের একটি দল চট্টগ্রাম কারাগার থেকে তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। গত ১৪ জানুয়ারি চট্টগ্রামের হাকিম আদালতে হাফিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিলেন। সিআইডি ১০ ট্রাক অস্ত্রের উত্স এবং পরিবহনকারী জাহাজের নাম বের করতে হাফিজকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। হাফিজ গত বছর ১০ ট্রাক অস্ত্র মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য দেন। সিআইডি সূত্র জানায়, আরও তথ্য জানতে তাঁকে আবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়েছে।সিআইডি পুলিশের বিশেষ সুপার (এসএস) মোহাম্মদ মুসলিম প্রথম আলোকে বলেন, জেরার জন্য সিআইডি পুলিশের একটি দল তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। আদালত সূত্র জানায়, হাফিজুর রহমান ১০ ট্রাক অস্ত্র মামলার প্রধান আসামি। গত বছর তিনি অস্ত্র আটক মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তার নাম প্রকাশ করেন। হাফিজ বলেন, তাঁরা অস্ত্র পাচারকাজে সহযোগিতা করেছিলেন। এরপরই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিনসহ সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করে সিআইডি।২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র খালাস হয়। অস্ত্রগুলো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয় বলে প্রধান আসামি হাফিজ গত বছর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে এ অস্ত্র কোন জাহাজে পরিবহন হয়েছে এবং কোন দেশ থেকে এসেছে, তা বলেননি হাফিজ।