১০ ট্রাক অস্ত্র: নিজামীর জামিন নামঞ্জুর
১০ ট্রাক অস্ত্র আটক মামলায় পলাতক আসামি সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. নুরুল আমিন এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়াকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে আদালত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক এনামুল হক, শ্রমিক সরবরাহকারী ঠিকাদার দীন মোহাম্মদের করা জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।আজ বুধবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।এ ছাড়া আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পাঁচ আইনজীবীকে লুত্ফুজ্জামান বাবরের সঙ্গে একান্তে ৩০ মিনিট কথা বলার অনুমতি দিয়েছেন। একই আদেশে আদালত এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়েকে একান্তে কথা বলার অনুমতি দেন।২০০৭ সালের নভেম্বরে আদালতে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার অধিকতর তদন্তের আবেদন জানানোর পর থেকে বিচার প্রক্রিয়া স্থগিত ছিল। পুলিশের অপরাধ দমন তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত শেষে গত ২ জুন সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে বিচার শুরুর পথ খুলে যায়।২০০৪ সালের ২ এপ্রিল ভোরে সিইউএফএল জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। সরকারি গোয়েন্দা সংস্থার লোকজনের সহায়তায় বিশাল চালানের এসব অস্ত্র ভারতে উলফার ঘাঁটিতে পাঠানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।