১০ ডাকাতসহ নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার গোয়ালিয়া পালং পাহাড়ে গতকাল সোমবার ভোরে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ এবং দুপুরে গ্রামবাসীর পিটুনিতে ১০ ডাকাতসহ ১১ জন নিহত হয়েছে। কয়েক ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধ ও ডাকাতদের হামলায় পুলিশের পাঁচ সদস্যসহ ২১ জন আহত হয়। পুলিশ এ ঘটনায় গুলিবিদ্ধ এক ডাকাতসহ ছয়জনকে আটক এবং সাতটি অস্ত্র ও ১৫টি কার্তুজ উদ্ধার করেছে।কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি প্রথম আলোকে জানান, নিহত ১১ জনের মধ্যে একজন গ্রামবাসী মো. জসিম উদ্দিন (২৮)। তাঁর বাড়ি রামুর গোয়ালিয়া পালং নয়াপাড়া গ্রামে। দুবাইপ্রবাসী জসিম তিন মাস আগে গ্রামে এসে বিয়ে করেন। নিহত ১০ ডাকাতের পরিচয় বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে, তারা মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫-৩০ জন ডাকাত গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে প্রথমে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের সাদৃকাটা গ্রামে দুবাইপ্রবাসী নুরুল আলমের বাড়িতে হানা দিয়ে কয়েক লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকারসহ অন্য মালামাল লুট করে। এরপর ডাকাতেরা নুরুলের প্রতিবেশী ও রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছৈয়দ আলম এবং তাঁর ছোট ভাই উলা মিয়ার বাড়িতে ঢোকে। ডাকাতেরা ছৈয়দের বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার ও অন্য মালামালের পাশাপাশি লাইসেন্স করা একনলা একটি বন্দুকও লুট করে। এরপর উলা মিয়ার বাড়ি থেকে লুট করা হয় টাকা, স্বর্ণালংকার ও কয়েকটি মুঠোফোন। ডাকাতদের মারধরে এই তিন বাড়ির কয়েকজন আহত হন। ডাকাতেরা লুণ্ঠিত মালামালসহ পালানোর সময় আশপাশের লোকজন খবর পেয়ে ডাকাতদের পিছু নেয়। একপর্যায়ে ডাকাতেরা উখিয়ার মাঙ্গালাপাড়া ও রামুর গোয়ালিয়া পালং নয়াপাড়া এলাকায় ঢুকে পড়ে। খবর পেয়ে ওই এলাকার লোকজন ডাকাতদের ঘিরে ফেলে। ডাকাতেরা গ্রামবাসীকে কুপিয়ে এবং এলোপাতাড়ি গুলি করে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে রাত দুইটার পর উখিয়া ও রামু থানার পুলিশও সেখানে যায়। এ সময় ডাকাতেরা গোয়ালিয়া পালং পাহাড়ে আশ্রয় নেয়।পুলিশ ও গ্রামবাসী ওই পাহাড় ঘিরে ফেললে ডাকাতেরা বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে। জবাবে পুলিশও পাল্টা গুলি করে। কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ডাকাতেরা পিছু হটলে পুলিশ ওই পাহাড়ের আশপাশের জঙ্গল থেকে ছয় ডাকাতের লাশ উদ্ধার করে। এ সময় লুণ্ঠিত একনলা বন্দুকটিসহ সাতটি (ছয়টি দেশে তৈরি লম্বা বন্দুক) অস্ত্র ও ১৫টি কার্তুজ উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ গ্রামবাসী জসিমকে কক্সবাজারের আল ফুয়াদ হাসপাতালে নেওয়া হলে সকাল নয়টার দিকে তিনি মারা যান। সকাল সাতটার দিকে পুলিশ ওই পাহাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আবুল কাসেমকে আটক করে। এদিকে দুপুর দুইটার দিকে পুলিশের অভিযানকালে পাহাড় থেকে পালানোর সময় গ্রামবাসীর পিটুনিতে অপর চার ডাকাত নিহত হয়।বন্দুকযুদ্ধে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন ও গোবিন্দ দাশ, রামু থানার এসআই মোস্তফা, কনস্টেবল রাশেদুল ইসলাম ও টুটুল এবং অন্তত ১০ গ্রামবাসী আহত হন। তাঁদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ রাশেদুল ও টুটুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বন্দুকযুদ্ধ ও ডাকাতদের হামলায় আহত অন্যান্যের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ১০ জন, ফুয়াদ হাসপাতালে চার এবং উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন চিকিৎসাধীন। তাঁদের বেশির ভাগের শরীরে ছররা গুলি লেগেছে।আটক কাসেম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর গ্রামের নুরুল আলমের ছেলে। উখিয়া থানা হাজতে থাকা অবস্থায় কাসেম স্থানীয় সাংবাদিকদের জানান, তাঁদের দলে ২৩ জনের মতো ছিলেন। এর মধ্যে আটজন চট্টগ্রামের বাঁশখালী ও উখিয়ার; বাকিরা রোহিঙ্গা। প্রথম যে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে, তারাও রোহিঙ্গা।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মোহাম্মদ জানান, বন্দুকযুদ্ধে দুই শতাধিক গুলি বিনিময় হয়েছে। নিহত ১০ ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, কাসেম ছাড়াও এ ঘটনায় আরও পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন পেকুয়ার ইউনুস (২৫), কলাতলীর আবদুল হামিদ (৩০), টেকনাফের অলিয়াবাদের ছব্বির আহমদ (২২) ও মিয়ানমারের নাগরিক আ. আয়াজ (২৩)। তাঁদের মধ্যে শেষোক্ত তিনজনকে রাত সাড়ে তিনটার দিকে ডাকাত সন্দেহে আটক করে উখিয়া থানার পুলিশ। কোটবাজার স্টেশন থেকে কক্সবাজার অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাঁদের আটক করা হয়।দুপুর আড়াইটার দিকে গোয়ালিয়া পাহাড় থেকে পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানান, অন্য ডাকাতদের ধরতে পাহাড়ে অভিযান চলছে। পাহাড় ছেড়ে পালানোর সময় গণপিটুনিতে চার ডাকাত নিহত হয়। তারাও রোহিঙ্গা। আটক ডাকাত কাসেমের তথ্য অনুযায়ী তাঁদের আস্তানার সন্ধান এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের চেষ্টা চলছে।