১০ দফা দাবিতে ১৬ অক্টোবর থেকে সমাবেশ করবেন উপজেলা চেয়ারম্যানরা
১০ দফা দাবি আদায়ে ১৬ অক্টোবর থেকে দেশের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ করবেন। সব শেষে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করা হবে। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের জাতীয় সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণায় আরও বলা হয়েছে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান সানাউল্লাহ নূরের হত্যার বিচারের দাবিতে আগামী সোমবার উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা কালোব্যাজ ধারণ করবেন। ঐক্য পরিষদের জাতীয় সম্মেলনে আরও বলা হয়, ১৬ অক্টোবর প্রথম সমাবেশ হবে চট্টগ্রামে। এরপর পর্যায়ক্রমে ১৭ অক্টোবর খুলনায়, ২৩ অক্টোবর রাজশাহীতে, ৩০ অক্টোবর রংপুরে, ২০ নভেম্বর বরিশালে এবং ২৯ নভেম্বর সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। সম্মেলনে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা বলেন, আমলা এবং সাংসদদের চক্রান্তে উপজেলার জনপ্রতিনিধিরা আজ একাধিক সংগঠনে বিভক্ত। এ কারণে পরিষদও অকার্যকর হয়ে আছে। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী তাঁদের হতাশ করেছেন। তিনি জানান, বৃহত্তর আন্দোলনের স্বার্থে একসঙ্গে কাজ করার ব্যাপারে সব সংগঠনের মধ্যে মতৈক্য হয়েছে। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের আহ্বায়ক ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান আবদুল মজিদের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে সন্ত্রাসী হামলায় নিহত সানাউল্লাহ নূর এবং অন্যান্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।