উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উত্থাপিত ১০ দফা দাবি না মানলে ভবিষ্যতে দেশব্যাপী অবরোধসহ আরও কঠোর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আয়োজিত এক সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সারা দেশ থেকে পাঁচ শতাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এ সমাবেশে যোগ দেন। এতে ‘অকার্যকর উপজেলা পরিষদ নির্বাচনের এক বছর’ শীর্ষক আলোচনায় সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান আবদুল মজিদ ১০ দফা দাবি তুলে ধরেন। এর আগে ৩ জানুয়ারি একই দাবিতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা ঢাকায় সংবাদ সম্মেলন করেছিলেন। তখন তাঁরা উপজেলা পরিষদ কার্যকর করা, মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার, উপজেলা পরিষদের এক-তৃতীয়াংশ শূন্য নারী আসন পূরণ, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে সম্পদের ভারসাম্যপূর্ণ বণ্টনসহ ১০ দফা তুলে ধরে তা কার্যকরের জন্য ২০ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন কর্মসূচির ঘোষণার কথাও উল্লেখ করেছিলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। এরই অংশ হিসেবে গতকাল অনুষ্ঠিত সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচিতে বলা হয়েছে, তাঁদের দাবির সপক্ষে আগামী ৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলা সফর, ১ মার্চ সব উপজেলায় বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ, ১৫ মার্চ জেলায় মানববন্ধন ও সমাবেশ এবং ৩০ মার্চ সোমবার বেলা ১১টায় ঢাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। আবদুল মজিদ বলেন, প্রধানমন্ত্রীর কাছে এই স্মারকলিপি দেওয়ার পরও সমস্যার সমাধান না হলে পরে দেশব্যাপী অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, বিশেষ অতিথি সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তোফায়েল আহম্মেদ। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে নবীনগরের জিয়াউল হক সরকার, বোয়ালমারীর সৈয়দ রাসেল, সাতক্ষীরার স্বপন কুমার ঘোষ, গোমস্তাপুরের দেলোয়ার হোসেন, জামালগঞ্জের শামীমা শাহারিয়ার প্রমুখ বক্তব্য দেন।উপজেলা চেয়ারম্যানদের এই সমাবেশকে জাতির জন্য দুর্ভাগ্যজনক উল্লেখ করে আকবর আলি খান বলেন, ‘এই সরকার যখন দায়িত্ব নেয় তখন আশা করেছিলাম, দেশের গণতন্ত্র আরও এগিয়ে যাবে। কিন্তু সেটি না হয়ে দেশ আরও পিছিয়ে যাচ্ছে। এমনকি সরকারি দলই শুধু নয়, এখানে বিরোধী দলও একই ভূমিকায় কাজ করছে।’ আকবর আলি খান আরও বলেন, যেখানে বিরোধী দল বসার চেয়ার নিয়ে মারামারি করে, সেখানে এত বড় জাতীয় ইস্যু নিয়ে কীভাবে বিরোধী দল নীরব থাকে, তা বুঝতে আমি অপারগ।’উপজেলা পরিষদকে কার্যকর করার তাগিদ দিয়ে আকবর আলি খান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি পূর্ণাঙ্গ স্থানীয় সরকার কমিশন থাকা উচিত। উপজেলার চেয়ারম্যানরা শত্রু নন, তাঁরাই সরকারের সবচেয়ে বড় মিত্র ও বন্ধু। তাই সরকার যদি কারও কথা না শোনে তাহলে দেশে একটি গণভোট করে দেখুক জনগণ এই উপজেলা পরিষদ চায় কি চায় না। তিনি বলেন, যখন দেশে সামরিক সরকার আসে তখন তারা স্থানীয় সরকারকে সন্তান ভাবে, আর যখন গণতান্ত্রিক সরকার আসে তারা স্থানীয় সরকারকে মনে করে সত্ভাই। তিনি বলেন, সাংসদেরা কাজ করুন, কিন্তু তা স্থানীয় সরকারের টাকায় নয়। কেন্দ্রীয় সরকারের অর্থায়নেই তাঁরা উন্নয়ন করতে পারেন। বদিউল আলম মজুমদার বলেন, উপজেলাকে অকার্যকর করার একটি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। যত দিন জেলা পরিষদ কার্যকর না হবে, তত দিন আর্থিক বরাদ্দ উপজেলা ও ইউনিয়ন পরিষদকে দেওয়া হোক।