১০ দিন আগে থেকে ট্রেনের টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ রেলওয়ে ভ্রমণের ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট কেনা যাবে। পবিত্র ঈদুল ফিতরের আগে থেকে তা কার্যকর করা হবে। বাসস।আজ রোববার রাজধানীর রেলভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ইন্টারনেট ও মুঠোফোনের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন গন্তব্যে সাত জোড়া বিশেষ ট্রেন চালু করবে। এ ছাড়া ঈদের দিন ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহের মধ্যে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুই জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।এ ছাড়া ঈদ উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে যাত্রীবাহী ট্রেনগুলোতে অতিরিক্ত ১৫০টি যাত্রীবাহী বগি (কোচ) সংযোজন করা হবে। রেলপথমন্ত্রী বলেন, যাত্রীদের অধিক সেবা দেওয়ার জন্য রেলওয়ের অপারেশনের সঙ্গে জড়িত সব কর্মকর্তা ও কর্মচারীর ঈদের আগে ও পরের শুক্র ও শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। যেসব রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে, সেগুলো হচ্ছে—ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, চট্টগ্রাম-নোয়াখালী-চট্টগ্রাম, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর এবং ঢাকা-খুলনা-ঢাকা।সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে রেলপথ বিভাগের সচিব মোহাম্মদ মহবুব-উর রশীদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের, অতিরিক্ত মহাপরিচালক মো. শাহজাহান, আমজাদ হোসেন, খলিলুর রহমান, জেনারেল ম্যানেজার তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।