১০ দিন নয়, তিন দিন আগে রেলের অগ্রিম টিকিট: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোবাজারি বন্ধ করতে ট্রেনের আগাম টিকিট ১০ দিনের বদলে তিন আগে বিক্রির নিয়ম চালু করা হচ্ছে। ২০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করা হবে এবং একজন যাত্রী সর্বোচ্চ চারটি অগ্রিম টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। আজ মঙ্গলবার রেল ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।সংবাদ সম্মেলনে সুরঞ্জিত জানান, ই-টিকেটিং বা ইন্টারনেটের মাধ্যমে টিকিট বিক্রির প্রক্রিয়া দ্রুত চালু করা হবে।সুরঞ্জিত বলেন, ‘টিকিট বিক্রি নির্ঝঞ্ঝাট ও সহজলভ্য করতে এবং কালোবাজারি নিরুত্সাহিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এ ছাড়া টিকিট কিনতে গেলে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কেনার প্রস্তাব রয়েছে। তবে জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে কিছুটা সুবিধা-অসুবিধা রয়েছে স্বীকার করে মন্ত্রী বলেন, ‘বিষয়টি এখনো বিবেচনাধীন।’রেলের ভাড়া কম হওয়াই টিকিট কালোবাজারি হওয়ার জন্য দায়ী বলে মনে করেন সুরঞ্জিত। তিনি বলেন, ‘গত ২০ বছর ধরে রেলের ভাড়া না বাড়ানোয় বাজারের অন্যান্য পরিবহনের সঙ্গে ভাড়ার পার্থক্য অনেক বেশি বেড়ে গেছে। ফলে বিভিন্ন স্থানে টিকিট কালোবাজারির খবর পাচ্ছি।’ এ ছাড়া রেলের ভাড়া কম রেখে কালোবাজারি বন্ধ করাও সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।রেলের ভাড়া বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে চাই। কারণ রেলের ওপর সাড়ে ৭০০ কোটি টাকা লোকসানের বোঝা না কমালে রেলের সুযোগ-সুবিধা বাড়ানো সম্ভব হবে না।’ঢাকার যানজট কমাতে বেলপথ ও ট্রেনের সংখ্যা বাড়ানো ছাড়া কোনো উপায় নেই মন্তব্য করে রেলমন্ত্রী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রুটে আরও দুটি ট্রেন বাড়ানো হবে। পুরোনো ট্রেনগুলো সংস্কার করে এ রুটে চালানো হবে। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রুটে তৃতীয় ও চতুর্থ লেন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতীয় কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। এ মাসেই একটি ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।বর্তমানে রেলের সংস্কার কর্মসূচিতে ২২ হাজার কোটি টাকার ৩৪টি প্রকল্প চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আরও ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়ার আলোচনাও চলছে। এসব উদ্যোগ সফল হলে ঢাকার যানজট কমবে বলে মনে করেন সুরঞ্জিত।