১০ দিন পরে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় বৃদ্ধা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে ধ্বংসস্তূপের নিচ থেকে ১০ দিন পরে ৮৪ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চিকিত্সকেরা বলেছেন, বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক। তবে তাঁকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করা হবে বলে তাঁরা জানান। এদিকে ইসরায়েলের একটি উদ্ধারকারী দল বিবিসিকে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে তারা ২২ বছরের আরেক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। তাঁর অবস্থা স্থিতিশীল। সরকারি হিসাবে বলা হয়েছে, হাইতিতে ভূমিকম্পে এ পর্যন্ত এক লাখ ১০ হাজার লোকের প্রাণহানি হয়েছে। গত শুক্রবার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করার পর ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধার ছেলে গত বৃহস্পতিবার সকালে তাঁর মায়ের কান্না শুনতে পায়। এক দিন পরে বন্ধুদের সাহায্যে ছেলেটি তাঁর মাকে উদ্ধার করে। মার্কিন সরকার বলেছে, আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১২২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছে। এদিকে হাইতিতে জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খুলেছে এবং বাস চলাচল শুরু হয়েছে। ভূমিকম্পে হাইতির রাজধানীর প্রধান কারাগার সাইট সোলেলের দেয়াল ধসে পড়ার পড়ে সেখান থেকে পাঁচ হাজারেরও বেশি বন্দী পালিয়ে যায়। এরপর হাইতিতে লুটপাটের ঘটনা বেড়েছে। এখনো দেশটিতে পাঁচ লাখেরও বেশি লোক খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।