১০ দিনে শতাধিক ছিনতাই-ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ব্যস্ততম জিইসি মোড়ে ৩ আগস্ট গাড়ি আমদানিকারক একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তার ১১ লাখ টাকা ছিনতাই হয়। পরের দিন নগরের মুরাদপুর এলাকায় আরেক ব্যবসায়ীর কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাই করে সন্ত্রাসীরা। এভাবে প্রায় প্রতিদিনই চট্টগ্রাম নগরে ছিনতাই, চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। নগরে পুলিশের টহল কমায় অপরাধীরা সুযোগ বুঝে ছিনতাই, চুরি-ডাকাতি করছে।জানা গেছে, জিইসি মোড়ে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯ আগস্ট এক প্রকৌশলীর ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। আর এ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিদের নামধামও পুলিশ পেয়েছে। মুরাদপুরের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে জিইসি মোড়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা এ ঘটনা ঘটাতে পারে বলে পুলিশের ধারণা।এ ছাড়া চলতি মাসে বেশ কয়েকটি বড় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৬ আগস্ট জিইসি মোড়ে একটি ওষুধ কোম্পানির দুই লাখ ৬৮ হাজার টাকা ছিনতাই করে সন্ত্রাসীরা। ওই সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন ওষুধ কোম্পানির কর্মী রবিউল হোসেন। পুলিশ এ ঘটনারও কোনো কূলকিনারা করতে পারেনি।১১ আগস্ট ঘাট ফরহাদবেগে আরেক ব্যবসায়ী মো. ফারুকের তিন লাখ ৭৮ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ সময় ওই ব্যবসায়ী ধাওয়া করে মফিজ নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।নগর পুলিশের এক পরিসংখ্যানে দেখা গেছে, ১ থেকে ১০ আগস্ট পর্যন্ত দিনে নগরে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ ১০৩টি ফৌজদারি অপরাধ নথিভুক্ত হয়েছে। আগের মাসের প্রথম ১০ দিনে ফৌজদারি অপরাধ নথিভুক্ত হয় ৭৯টি। অনেকে ভোগান্তির কারণে থানায় যেতে চায় না। এ কারণে অপরাধের সব ঘটনা থানায় নথিভুক্ত হয় না। তাই প্রকৃত অপরাধের সংখ্যা আরও বেশি হতে পারে বলে পুলিশের কর্মকর্তারা স্বীকার করেন।পুলিশ সূত্র জানায়, নগরে হঠাৎ অপরাধ বেড়ে যাওয়ায় স্থানীয় পুলিশ প্রশাসন চিন্তিত। ঈদের আগে পোশাকশিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বেতন-ভাতা দেওয়া হবে। ব্যাংক থেকে টাকা তুলে পরিবহনের সময় আরও বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। তা ছাড়া ঈদের সময় বিপণিবিতানে ক্রেতাদের ভিড় থাকে। এ সময় ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। তাদের লাগাম টেনে ধরার মতো সামর্থ্য পুলিশের নেই। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখে অর্থ বরাদ্দ চেয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশের কারণে আমরা গত ২৯ জুলাই থেকে নগরে সব ধরনের গাড়ি রিকুইজিশন বন্ধ রেখেছি। এ কারণে পুলিশ নগরে ভালোভাবে টহল দিতে পারছে না। এতে অপরাধ বেড়ে যাওয়া স্বাভাবিক। তার পরও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’পুলিশ সূত্র জানায়, গত ২৯ জুলাই থেকে নগরে পুলিশ টহল কমে যাওয়ায় সন্ত্রাসীরা বেপারোয়া হয়ে ওঠে। এ সুযোগে ছিনতাই, চুরি-ডাকাতিসহ অপরাধের মাত্রা বেড়ে গেছে। বিশেষ করে, নগরের জিইসি মোড়, মুরাদপুর, খাতুনগঞ্জ ও আশপাশের এলাকা, আগ্রাবাদ, অলংকার মোড়, নিউমার্কেট ও আশপাশের এলাকায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। সবচেয়ে বেশি অপরাধ ঘটেছে কোতোয়ালি, পাঁচলাইশ ও পাহাড়তলী থানায়।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীরা মাইক্রোবাস কিংবা প্রাইভেট কারে করে এসে ঘটনা ঘটায়। আর পুলিশ খবর পেয়ে হেঁটে কিংবা রিকশায় চড়ে ঘটনাস্থলে যায়। কিন্তু সন্ত্রাসীদের ধাওয়া করার মতো গাড়ি পুলিশের নেই। পুলিশ এক রকম অসহায় হয়ে পড়েছে। এর পরও নগরে সম্প্রতি কয়েকটি বড় ধরনের ছিনতাইয়ের ঘটনা পুলিশ উদ্ঘাটন করেছে।তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ‘রমজান মাস ও ঈদের আগে টাকার লেনদেন বেড়ে যায়। চট্টগ্রামেই সাত শতাধিক তৈরি পোশাক কারখানা আছে, যেখানে ঈদের আগেই শ্রমিকদের কোটি কোটি টাকা বেতন-ভাতা দিতে হবে। ব্যাংক থেকে কারখানায় টাকা নেওয়ার সময় ছিনতাইকারীরা সুযোগের সদ্ব্যবহার করতে পারে। তাই পুলিশকে তৎপর হওয়া উচিত।’পুলিশ সূত্র জানায়, গাড়ি রিকুইজিশন বন্ধ থাকায় ভাড়ায় গাড়ি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়ে অর্থ বরাদ্দ চেয়েছে মহানগর পুলিশ। চিঠিতে বলা হয়, চট্টগ্রাম নগরে প্রতিদিন টহল পুলিশের জন্য ৯১টি গাড়ির প্রয়োজন। প্রচলিত ভাড়া দিয়ে গাড়ি রিকুইজিশন করতে প্রতিদিন এক লাখ ৬৩ হাজার টাকা দরকার।পুলিশ কমিশনার আবুল কাশেম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা নিশ্চিত করে বলেন, ‘আমাদের টহল পুলিশের জন্য প্রতিদিন বাস, মিনিবাস, মাইক্রোবাস, টেম্পো ও হিউম্যান হলারের প্রয়োজন হয়। আগে আমরা জ্বালানি খরচ ও চালকের খোরাকি বাবদ টাকা দিয়ে গাড়ি রিকুইজিশন করতাম। এখন তা বন্ধ। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লেখা চিঠিতে প্রচলিত ভাড়ায় গাড়ি রিকুইজিশনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুরোধ করেছি। এটি এখনো অনুমোদিত হয়নি।’