নারায়ণগঞ্জের কিশোর তানভীর মুহাম্মদ হত্যাকাণ্ডের ১০ দিনেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি। তবে সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে।পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম গতকাল রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তদন্তের স্বার্থে নজরদারিতে থাকা ব্যক্তিদের নাম বলা যাবে না। তিনি বলেন, তানভীরের হত্যাকারীরা পেশাদার ও খুবই ঠান্ডা মাথার খুনি। লাশ উদ্ধারের সময় তানভীরের কাপড়-চোপড়, জুতা, পকেটে থাকা মুঠোফোনসহ সবকিছুই ঠিকঠাক ছিল। হত্যার কোনো আলামত যাতে পাওয়া না যায়, সে ব্যাপারে ঘাতকেরা সতর্ক ছিল।তানভীরের বাবা রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, পুলিশ একেক সময় একেক কথা বলছে। এখন যদি কয়েকজনকে নজরদারিতে রাখা হয়, তাহলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন। তিনি বলেন, এ ঘটনায় শামীম ওসমান ও তাঁর পরিবার জড়িত। তাঁরা সরকারের উচ্চপর্যায়ের আশীর্বাদপুষ্ট হওয়ায় পুলিশ তাঁদের ধরছে না। পুলিশ লোক দেখানো তদন্ত করছে। এদিকে গতকাল বিকেলে শামীম ওসমান স্মারকলিপি দিতে মিছিল নিয়ে এসপির কার্যালয়ে যান। ওই সময় এসপি সৈয়দ নুরুল ইসলাম কার্যালয়ে ছিলেন না। স্মারকলিপি দেওয়ার আগে সেখানে দলীয় লোকজনের উদ্দেশে বক্তব্য দেন শামীম ওসমান। তিনি বলেন, ‘এসপির অফিসে থাকাটা উচিত ছিল। আমার মনে হয় প্রশাসন মানসিক চাপে আছে অথবা তারা কাউকে খুশি করছে।’ বক্তব্যের পর শামীম ওসমান দলীয় নেতাদের দিয়ে স্মারকলিপি পাঠান। এ সময় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা শামীম ওসমানের পক্ষে ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে স্লোগান দেন।পরে অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, এসপি পূর্বনির্ধারিত কর্মসূচিতে গেছেন। তাঁর পক্ষে তিনি স্মারকলিপি নিয়েছেন।নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে স্থানীয়ভাবে সরকারি ও দলীয় কার্যালয়ের কর্মসূচিতে শামীম ওসমান যাননি। কিন্তু তাঁর লোকজন নিয়ে নিজের ব্যক্তিগত কর্মসূচি পালন করেছেন। সড়ক আটকে জনভোগান্তি সৃষ্টি করেছেন।মোমবাতি প্রজ্বালন: তানভীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে গতকালও নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক জোট মোমবাতি প্রজ্বালন করেছে।তানভীর নিখোঁজ হয় ৬ মার্চ। দুই দিন পর ৮ মার্চ তার মৃতদেহ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীর পোতাশ্রয়ে। এ ঘটনায় তানভীরের বাবা স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন।এ হত্যাকাণ্ডের খবরে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। এক দিন সেখানে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়। ঘটনার শুরু থেকেই এ হত্যাকাণ্ডের জন্য শামীম ওসমান ও তাঁর পরিবারকে দায়ী করা হচ্ছে। তবে ‘ওপরের নির্দেশ’ ছাড়া পুলিশ ওই পরিবারকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত করতে চাইছে না বলে অভিযোগ আছে।