পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ড এবং বেগুনবাড়িতে ভবন ভাঙার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যার্থে নিজেদের ১০ দিনের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে তাঁরা এ ঘোষণা দেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রিসভায় কক্সবাজার, টেকনাফ, উখিয়া ও বান্দরবানে পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনায়ও শোক প্রকাশ করা হয়।আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে পণ্যের মোড়কীকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এর খসড়া অনুমোদন করা হয়। এখন থেকে পাটের তৈরি মোড়ক ব্যবহার করে পণ্য বাজারজাত করতে হবে।মন্ত্রিসভায় বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭-এর সংশোধনসংক্রান্ত উপদেষ্টা পরিষদের একটি সিদ্ধান্ত বাতিল করা হয়।মন্ত্রিসভায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) নীতি ও কৌশল এবং এর আওতাধীন গাইডলাইনের খসড়া অনুমোদন করা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পুঁজি বিনিয়োগ বোর্ড এবং পিপিপি কার্যালয় পাশাপাশি থাকবে। পিপিপির ব্যাপারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বছরে কমপক্ষে একবার বৈঠকে বসবেন।এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এবং আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।বৈঠকে জুডিশিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশ ২০০৮-এর নীতিগত অনুমোদনসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাবও অনুমোদন করা হয়।বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।