১০ দিনের মধ্যে পুঁজিবাজারে ক্ষতি পুষিয়ে দেওয়ার কার্যক্রম
পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার কার্যক্রম আগামী ১০ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।আজ বুধবার বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি), অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে অর্থমন্ত্রীর এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।অর্থমন্ত্রী বলেন, ‘আইসিবির ব্যবস্থাপনা পরিচালককে প্রধান করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির প্রতিবেদন আমরা পেয়েছি। সেটি আজ বিশ্লেষণ করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই আমরা বিষয়টি চূড়ান্ত করব।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘এই বাজারের স্থিতিশীলতা ফেরানোই আমাদের মূল লক্ষ্য। তবে সমস্যাটা হচ্ছে, আস্থার সংকট। তারল্য কোনো সমস্যা নয়।’এ ছাড়া ১৭ লাখ বিনিয়োগকারীর মধ্যে ১৫ লাখই ক্ষুদ্র বিনিয়োগকারী বলেও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।