১০ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী
বিদ্রোহী প্রার্থী থেকে মুক্তি মিলছে না আওয়ামী লীগের। ২৭ জানুয়ারি যে ১২টি পৌরসভায় ভোট হবে, তার ১০টিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। কিছু মন্ত্রী ও সাংসদের প্ররোচনায় বিদ্রোহীরা মাঠ ছাড়ছেন না বলে জানা গেছে।দলীয়ভাবে দাবি করা হচ্ছে, সাত বিভাগে শেষ হওয়া ২৪২টি পৌরসভার অন্তত ৩৭টিতে বিদ্রোহী প্রার্থীর জন্য দলীয় প্রার্থীরা পরাজিত হয়েছেন। ১২টি পৌরসভায়ও বিদ্রোহী প্রার্থী থাকায় চিন্তিত আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা। বহিষ্কার করেও এঁদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কিছু মন্ত্রী-সাংসদ নেপথ্যে থেকে বিদ্রোহীদের ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ আছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংশ্লিষ্টদের সম্পর্কে জানানো হলেও তাঁরা সংগঠনবিরোধী ও বিতর্কিত ভূমিকা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ আছে। বিদ্রোহী প্রার্থী থাকায় চারদলীয় জোট-সমর্থিত প্রার্থী বাড়তি সুবিধা পাচ্ছেন। ফলে এই ১২ পৌরসভায় ফল বিপর্যয়ের আশঙ্কা করছেন দলীয় নীতিনির্ধারকেরা।মাদারীপুর পৌরসভায় জেলা যুবলীগের সভাপতি খালিদ হোসেন ইয়াদ কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। কিন্তু বিদ্রোহী প্রার্থী খলিলুর রহমানও নির্বাচনে মাঠে সক্রিয় আছেন। তিনি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সমর্থন পাচ্ছেন বলে দলে অভিযোগ আছে। খলিলকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কয়েকজন নেতা নৌমন্ত্রীর সঙ্গে কথা বললেও সমস্যার সমাধান হয়নি।কক্সবাজার জেলার চারটি পৌরসভার মধ্যে তিনটিতেই বিদ্রোহী প্রার্থী আছেন। কক্সবাজার পৌরসভায় মুজিবুর রহমান কেন্দ্র-সমর্থিত প্রার্থী। তিনি পৌর আওয়ামী লীগেরও সভাপতি। এখানে বিদ্রোহী প্রার্থী আছেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুল খালেক ও সদস্য রাশেদুল ইসলাম। তাঁরাও বহিষ্কৃত হয়েছেন। কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় পরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলামসহ সাতজনকে বহিষ্কার করা হয়।মহেশখালী পৌরসভায় সরওয়ার আজম দলীয় প্রার্থী। এখানে বিদ্রোহী আছেন পৌর আওয়ামী লীগের সভাপতি মকসুদ মিয়া ও সাধারণ সম্পাদক পূর্ণ চন্দ্র দে। চকরিয়া পৌরসভায় জাফর আলম দলীয় প্রার্থী। এখানে বিদ্রোহী তিনজন—পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম গিয়াসউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম সাঈদী ও সদস্য সেলিমউল্যাহ। বিদ্রোহীদের জন্য বিপাকে পড়েছেন কেন্দ্রীয় প্রার্থী বর্তমান মেয়র জাফর আলম। টেকনাফ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ইসলাম মিয়া। এখানে বিদ্রোহী প্রার্থী নেই।দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় আবদুল ওহাব আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। তিনি এক সময় জাতীয় পার্টি ও বিএনপি করলেও এবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাঁকে সমর্থন দিচ্ছেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। কিন্তু এ পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হিসেবে ফয়সুল আলম ও মোশাররফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে একক প্রার্থী থাকায় বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে। নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের প্রার্থী শওকত আলী। এ পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থী বিলকিস সরকার। তিনি বর্তমান মেয়র ও জাতীয় পার্টির নেতা শফিউদ্দিনের স্ত্রী। মহাজোটের শরিক দলের প্রার্থী থাকায় এখানেও আওয়ামী লীগের প্রার্থী ঝুঁকিতে আছেন বলে জানা গেছে। মাগুরায় দুই বিদ্রোহী প্রার্থী বসে যাওয়ায় আওয়ামী লীগের প্রার্থী আলতাফ হোসেনের অবস্থা ভালো বলে জানা গেছে। শরীয়তপুরের জাজিরা এবং নেত্রকোনার মদনে দলীয় একাধিক প্রার্থী থাকায় আওয়ামী লীগ কাউকে মনোনয়ন দেয়নি। তবে ভোলার চরফ্যাশন পৌরসভায় আওয়ামী লীগের একক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।