১০ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনার জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদের আজ শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে এবং ছাত্রীদের কাল সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিকেলে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তড়িত্ প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এক শিক্ষিকার ক্লাস করা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। রাতে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আবারও কথাকাটাকাটি হয়। আজ সকালে ছাত্রদের দুটি পক্ষ আবারও বিরোধে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল আজ দুপুরে জরুরি বৈঠকে বসে। বৈঠকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।চট্টগ্রামের জেলা পুলিশ সুপার মো. জেড এ মোর্শেদ জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই দল ছাত্রের বিরোধের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।