হাইকোর্টের খালাসের আদেশ লুকিয়ে রেখে এক ব্যক্তিকে অতিরিক্ত ১০ বছর কারাভোগ করানোর অভিযোগে এক সেরেস্তাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া সেরেস্তাদার সিরাজুল হক খানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। তাঁর বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও হয়েছে।১০ বছর আগে ঘটনার সময় সিরাজুল হক খান আদালতের বেঞ্চ সহকারীর দায়িত্বে ছিলেন। পরে তিনি পদোন্নতি পেয়ে সেরেস্তাদার হন।আদালত সূত্র জানায়, সাতকানিয়ার উত্তর কাঞ্চনা ইউনিয়নের মথুরাডাঙ্গা গ্রামের বাসিন্দা আবুল হোসেন ১৯৯৭ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন। ১৯৯৯ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করেন আবুল হোসেন। উচ্চ আদালত শুনানি শেষে ২০০১ সালের ১৬ আগস্ট তাঁর দণ্ডাদেশ বাতিল করে বেকসুর খালাসের আদেশ দেন।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম বলেন, সিরাজুল হক খানের বিরুদ্ধে বিচার বিভাগীয় মামলা করারও আদেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, হাইকোর্টের দণ্ড বাতিলের আদেশ ২০০২ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এসে পৌঁছায়। ঘটনার সময় ওই আদালতের বেঞ্চ সহকারী ছিলেন সিরাজুল হক খান। তিনি আদেশনামা আদালতে উত্থাপন না করে তা মামলার নথিতে লুকিয়ে রাখেন। এ জন্য উচ্চ আদালত থেকে খালাস পাওয়া আবুল হোসেনকে আরও প্রায় ১০ বছর অতিরিক্ত কারাগারে থাকতে হয়েছে।সেরেস্তাদার সিরাজুল হক খান মুঠোফোনে গতকাল প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশ আমি বিচারকের কাছে উত্থাপন না করে মামলার নথিতে ভুল করে রেখে দিয়েছিলাম। আমার ভুলের কারণে এটি হয়েছে।’আদালত সূত্র জানায়, সম্প্রতি বিষয়টি জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার নজরে আসে। বিচারক আবদুল কুদ্দুস মিয়া তা খতিয়ে দেখতে সৈয়দা হোসনে আরা বেগম নামের অন্য এক বিচারককে দায়িত্ব দেন। ওই বিচারক তদন্ত করে অভিযোগের সত্যতা পান। পরে সৈয়দা হোসনে আরা আদেশনামায় সই করে আবুল হোসেনের খালাসসংক্রান্ত আদেশ চট্টগ্রাম কারাগারে পাঠিয়ে দেন। গত মঙ্গলবার সকালে আবুল হোসেন মুক্তি পান।এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করেও আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।