১০ বছর পর আবার অভিনয়
অভিনেত্রী নিমা রহমান বছর দশেক আগে শেষ অভিনয় করেছিলেন বেলা-অবেলার গল্প ধারাবাহিকে। এরপর অভিনয়টা আর সেভাবে করা হয়নি। নিমা জানালেন, এই সময়টায় তিনি জড়িয়ে পড়েন ধারাবাহিক নাটকের নির্মাণের সঙ্গে। তাঁর গল্প নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক গুলশান এভিনিউ। বাংলাভিশনে প্রচারিত প্রতিদিনের এই ধারাবাহিকের ক্রিয়েটিভ পরিচালকও তিনি। পাশাপাশি পোশাক, মেকআপ, সেট, অভিনয়—সবকিছুই দেখছেন। ১০ বছর পর নিমা আবার অভিনয় করছেন। নাটকের নাম জননী। পরিচালনা করছেন শাহাদাৎ হোসেন। নিমা বললেন, ‘অভিনয় করতে গিয়ে খাটুনিটা একটু বেশি হয়। তার পরও অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে মন্দ লাগছে না।’জানালেন, জননী নাটকে তিনি একজন মা। তবে তাঁর চরিত্রটি একেবারেই নেতিবাচক। এই ধারাবাহিকেরও ক্রিয়েটিভ পরিচালক তিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রিসিলা পারভীন, মাহমুদ সাজ্জাদ, শোয়েব, মৗসুমী নাগ, শাহাদাৎ হোসেন, তাহমিনা সুলতানা, ইউসুফ রাসেল, অপর্ণা, তানভীর, রিক্তা প্রমুখ। আর ধারাবাহিকটি তৈরি হচ্ছে একটি নতুন টিভি চ্যানেলের জন্য।