১০ বছর পর চার হাজার বিঘা জমিতে বোরো আবাদ
‘ভালো নাগতেছে বলেই তো মাঠে আইছি। ১০ বছর ফসল হয় না, আবার উঠোনে ধান উঠবে। এর চায়ে আর ভালো কী হতি পারে।’ এক দশক পর আবার ঘরে ধান ওঠাতে পারবেন, এ আনন্দে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন যশোরের কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের কিষানি সালমা। তিনিও বাড়ির পুরুষদের সঙ্গে জমিতে শ্রম দিতে এসেছেন। নাব্যতা হারানো কপোতাক্ষ নদের উপচেপড়া পানিতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের পদ্মবিল, শেখেরবিল ও কালকেতলা বিলের চার হাজার বিঘা জমি ১০ বছর ধরে জলাবদ্ধ থাকে। উপজেলার মেহেরপুর, গোবিন্দপুর, ধর্মপুর, ফতেপুর, কাস্তা, বাঁশবাড়িয়া ও গোপসেনা গ্রামের মানুষ এ তিনটি বিলের ওপর নির্ভশীল। এবার কৃষকেরা নিজ উদ্যোগে সেচ পাম্পের সাহায্যে এই জমির পানি নিষ্কাশন করে ফসল করার উদ্যোগ নিয়েছেন। কৃষক হযরত আলী মোল্লা জানান, এলাকাবাসী এই অনাবাদি জমি ফসলের উপযোগী করতে সরকারের বিভিন্ন মহলে দেনদরবার করে কোনো ফল না পেয়ে অবশেষে নিজেদের উদ্যোগে সেচ দিয়ে পানি নিষ্কাশন করে। এ জন্য দুই মাস আগে সাত গ্রামের মানুষ একত্রিত হয়ে পদ্মবিল সেচ ও কৃষি সমবায় সমিতি গঠন করে। ২৬ সদস্যের কার্যকরী কমিটি গঠন করে জমির মালিকেরা সবাই কমিটির সদস্য হন। এরপর চলে ভাগ্য বদলানোর অক্লান্ত পরিশ্রম। পানি নিষ্কাশন কমিটির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোড়ল বলেন, ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে ধরনা দিয়ে কোনো ফল না পেয়ে সেচ পাম্পের সাহায্যে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নিই। এ কাজেও দুর্ভোগ পোহাতে হয়। বিদ্যুত্চালিত সেচ পাম্প বসাতে প্রথমেই হোঁচট খেতে হয় ট্রান্সফরমার জোগাড় করতে। বগুড়া থেকে ৯২ হাজার টাকা করে তিনটি ট্রান্সফরমার কিনে এনে বিদ্যুত্ সংযোগ নিয়ে পদ্মবিলের স্লুইচ গেটের ওপর সাতটি পাম্প বসিয়ে সেচ দিতে থাকি। এখন এর সঙ্গে ডিজেলচালিত চারটি স্যালোমেশিন বসানো হয়েছে। এ দিয়ে ১৫ জানুয়ারি থেকে দিন-রাত সেচ কাজ চালানো হয়। ইতিমধ্যে প্রায় ৯৫ ভাগ জমি থেকে পানি নেমে যাওয়ায় সেগুলোতে বোরো আবাদ করা হয়েছে। ইতিমধ্যে এ কাজে ২০ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এ ব্যয়ের বড় অংশ বহন করছে সেচ কমিটি। আর বাকি অংশ ফসল উঠলে কৃষকেরা দেবেন।’ গোপসেনা গ্রামের কৃষক আবদুর রশিদ জানান, দেড় বিঘা জমিতে তিনি ফসল করেছেন। যা কোনো দিন ভাবতেও পারেননি। কৃষক মশিয়ার রহমান জানান, চার বিঘা জমিতে ধান লাগিয়ে মনে শান্তি ফিরে এসেছে। মেহেরপুর গ্রামের কৃষক রুহোল কুদ্দুস বলেন, ‘ভূই রুয়ে মনে আনন্দ ফুটেছে। অনেক দিন কর্মহীন ছিলাম, কাজ করতে পেরে খুশি লাগছে।’ প্রায় একই ধরনের কথা বলেন কিষানি বিউটি শাহিদা, মেহেরপুর গ্রামের দিনমজুর জাকির, আনারুল, ইসলাম, মালেক ও সাহেব আলী। পল্লী বিদ্যুত্ অফিস কেশবপুরের সহকারী মহাব্যবস্থাপক আলতাফ হোসেন বলেন, ‘কৃষকেরা দীর্ঘদিন ফসল পাননি। তাঁদের বিদ্যুত্ সংযোগের জন্য আমরা যথেষ্ট সহায়তা করার চেষ্টা করেছি। তাঁরা কারও দিকে চেয়ে না থেকে ফসল উত্পাদনের জন্য নিজেরা উদ্যোগী হয়ে পানি নিষ্কাশনে বিদ্যুত্ সংযোগ নিয়েছেন। তাঁদের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।’উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস বলেন, ‘আমাদের কৃষকেরা কত পরিশ্রমী, তা তাঁরা এই অসাধ্য সাধন করে দেখিয়ে দিলেন। এক হাজার একর জমিতে পানি নিষ্কাশন করে ফসল আবাদ হচ্ছে, এতে দুই থেকে আড়াই কোটি টাকার ধান উত্পাদন হবে।’