১০ বছর পর লাভলু-জাহিদ জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দশেক আগে দ্বিচক্রযান নাটকে অভিনয় করেছিলেন জাহিদ হাসান। এটি পরিচালনা করেছিলেন সালাহউদ্দিন লাভলু। নাটকটির গল্প, অভিনয়, পরিচালনা—সবকিছু প্রশংসিত হলেও এরপর আর কোনো নাটকে একসঙ্গে দেখা যায়নি জাহিদ হাসান ও সালাহউদ্দিন লাভলুকে। এবার দেখা যাবে। জাহিদ হাসান এখন সালাহউদ্দিন লাভলুর তিনটি নাটকে অভিনয় করছেন। তিনটি নাটকই প্রচারিত হবে এবার কোরবানির ঈদে। নাটকগুলো হলো—স্কুল অব পলিটিকস, লার্নেড ম্যান ও জার্নি বাই পলিটিকস। এগুলোর মধ্যে লার্নেড ম্যান নাটকটি ছয় পর্বের। সালাহউদ্দিন লাভলু বলেন, ‘গত ১০ বছরে আমার প্রায় সব নাটকেই অভিনয় করেছেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এবার তাঁরা দুজনই মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই জাহিদ হাসানের সঙ্গে আবার কাজ করার একটা সুযোগ তৈরি হলো। আশা করছি, এবার ঈদে দর্শকেরা আমার এই তিনটি নাটক থেকে অনেক বেশি আনন্দ পাবেন।’জাহিদ হাসান বলেন, ‘এই পরিচালকের সঙ্গে এর আগেও কাজ করার কথা হয়েছিল। কিন্তু সময় না মেলায় তা শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। এবার সবকিছু মিলে গেছে। অনেক দিন পর লাভলুর সঙ্গে এসে খুব ভালো লাগছে।’সালাহউদ্দিন লাভলু জানান, তাঁর এই নাটকগুলোর কাজ হচ্ছে পুবাইলে।