১০ বছর পর স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ বছর পর সরকার দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানের নতুন প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে বিদেশি কোম্পানির জন্য নতুন উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) খসড়া তৈরির কাজ শুরু করা হয়েছে। নতুন পিএসসিতে গ্যাস রপ্তানির কোনো বিধান রাখা হবে না বলে জানা গেছে।২০০১ সালে কয়েক ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থলভাগে পিএসসির অধীনে তেল-গ্যাস অনুসন্ধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এ কাজে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানিরও (বাপেক্স) আর্থিক ও কারিগরি সামর্থ্যে ঘাটতি ছিল। ফলে গত প্রায় ১০ বছর দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধান বন্ধ ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হাইকোর্টের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করে। গত জানুয়ারি মাসে হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর নতুন পিএসসির অধীনে অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হলো।অন্যদিকে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি (বাপেক্স) আগামী জুলাই মাসে নতুন তেল-গ্যাস অনুসন্ধান শুরু করবে। এ জন্য পাঁচটি স্থান নির্ধারণ করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে কাপাসিয়া, শ্রীকাইল, সেমুতাং, মোবারকপুর ও নেত্রকোনা। বাপেক্সের নতুন কেনা রিগ চলে আসার পরই এ কাজ তারা শুরু করবে। একই সঙ্গে সমুদ্রবক্ষের তিনটি ক্ষেত্রে অনুসন্ধানের জন্য দুটি কোম্পানির সঙ্গে চুক্তিপ্রক্রিয়াও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে।সূত্রগুলো জানায়, ক্রমবর্ধমান জ্বালানি-সংকটের কারণে সরকার চাইছে এ বছরের মধ্যে স্থলভাগে নতুন করে তেল-গ্যাস অনুসন্ধান শুরু করতে। সেই লক্ষ্যে কাজ শুরু করার জন্য মন্ত্রণালয় কয়েক দিন আগে পেট্রোবাংলাকে নির্দেশ দেয়। এরপর গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে সভা হয়।এ সভায় কোন কোন ব্লকে পিএসসি স্বাক্ষরের আহ্বান জানানো যেতে পারে, নতুন পিএসসিতে বিদ্যমান পিএসসিগুলোর দুর্বলতা দূর করা প্রভৃতি কাজের সময়সূচিভিত্তিক একটি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সভার সূত্রে জানা গেছে।একাধিক ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী দেশের স্থলভাগ এখনো গ্যাস পাওয়ার জন্য সম্ভাবনাময়। অনেক এলাকায় এখন পর্যন্ত খুঁজেই দেখা হয়নি। আবার কোনো কোনো বিশেষজ্ঞের হিসাবে, দেশের স্থলভাগে আর কোনো বড় গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা কম। কিন্তু প্রকৃত অবস্থা জানা এবং সেই অনুযায়ী জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিতে অনুসন্ধান করা যে দরকার, সে বিষয়ে সবাই একমত।এ দেশে ষাটের দশকে স্থলভাগে প্রথম তেল-গ্যাস অনুসন্ধান শুরু করে তত্কালীন পাকিস্তান পেট্রোলিয়াম করপোরেশন। তখন আরও তিনটি কোম্পানি কাজ করছিল। ১৯৭৪ সালে সমুদ্রবক্ষে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য প্রথমবারের মতো বিদেশি কোম্পানিকে আহ্বান জানানো হয় (প্রথম দফা বিডিং)। এতে পাঁচটি কোম্পানি অংশ নেয়। কুতুবদিয়া গ্যাসক্ষেত্র তখন আবিষ্কৃত হয়।এরপর ১৯৮৯ সালে দ্বিতীয় দফায় বিডিং (দর প্রস্তাব) আহ্বান করা হয়। এই উদ্যোগ সফল করতে তখন দেশের বাইরে চারটি ‘রোড শো’ করা হয়। কিন্তু কোনো কোম্পানি এতে অংশ নেয়নি। কারণ, তখন যে পিএসসি তৈরি করা হয়েছিল, তা ছিল তেলভিত্তিক। গ্যাস সম্পর্কে বিশেষ কোনো কথা ছিল না। এরপর গ্যাসভিত্তিক পিএসসি তৈরি করে ১৯৯৩ সালে তৃতীয় দফা এবং ’৯৬ সালে চতুর্থ দফা বিডিং করা হয়।এ পদক্ষেপগুলোর মাধ্যমে মোট ১২টি ক্ষেত্রে অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে পিএসসি স্বাক্ষর করা হয়। এর ছয়টি ক্ষেত্রে বর্তমানে তারা কাজ করছে। এর মধ্যে আমেরিকান শেভরন তিনটি—১২, ১৩ ও ১৪ নম্বর ক্ষেত্রে; শেভরনের সঙ্গে কোরীয় কোম্পানি জিএস ক্যালটেক্স ও বাপেক্স যৌথভাবে ৭ নম্বর ক্ষেত্রে; ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জি, অস্ট্রেলীয় স্যান্টোস ও আমেরিকান হেলিবার্টন যৌথভাবে ১৬ নম্বর ক্ষেত্রে এবং আইরিশ কোম্পানি টাল্লো, কানাডীয় নাইকো ও বাপেক্স যৌথভাবে ৯ নম্বর ক্ষেত্রে কাজ করছে। বাকি ক্ষেত্রগুলো সম্ভাবনাময় না হওয়ায় তারা ছেড়ে দিয়েছে। বর্তমানে দেশে সরবরাহ করা মোট গ্যাসের (দৈনিক ১৯০ থেকে ২০০ কোটি ঘনফুট) প্রায় ৫৫ শতাংশ আসছে তাদের পরিচালিত ক্ষেত্রগুলো থেকে।এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রণীত মডেল পিএসসি ২০০৮-এর অধীনে সমুদ্রবক্ষে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় বর্তমান সরকারের সময় সমুদ্রবক্ষের তিনটি ক্ষেত্রে অনুসন্ধানের জন্য দুটি কোম্পানির সঙ্গে চুক্তিস্বাক্ষর প্রক্রিয়াধীন। এর পাশাপাশি স্থলভাগে অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হলো।