১০ বছর মেয়াদি পরিকল্পনা মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার দেশের সার্বিক উন্নয়নে ১০ বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেছে। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত এই উন্নয়ন পরিকল্পনা বা রূপকল্প গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য দেন।এই রূপকল্প ২০১৫ সালের মধ্যে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ এবং ২০২১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা গ্রহণে সহায়তা করবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের আলোকে রূপকল্পটি প্রণয়ন করা হয়েছে।আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর সরকারের অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপকল্পের ঘোষণা দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই করা হয়েছে।’জানা যায়, এই রূপকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এবং পরবর্তী সময়ে সংসদে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন, ২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল আইন, ২০১০ এবং ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য অগ্রাধিকার ব্যবস্থার (টিপিএস-ওআইসি) রুলস অব অরিজিন স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সংশোধনের দায়িত্ব মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওপর অর্পণের জন্য ২০০৭ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।