১০ বছরে পড়ল গণিত অলিম্পিয়াড
আমি তখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। ১৯৯৯ সালে বিশ্ব প্রোগ্রামিং প্রতিযোগিতায় বুয়েটের দলটি খুবই ভালো ফল করে। কায়কোবাদ স্যারের (ড. মোহাম্মদ কায়কোবাদ) সঙ্গে দেখা হলেই জানতে চাইতাম, প্রোগ্রামিংয়ে ধারাবাহিক সাফল্যের জন্য কী করা দরকার। স্যার বলতেন, গণিতের ভিত্তি। বলতে গিয়ে তিনি বলতেন পূর্ব ইউরোপ, রাশিয়া, চীনের ছেলেমেয়েরা কেন গণিতসহ বিজ্ঞানে বেশ ভালো। কারণ, সেসব দেশে মেধাভিত্তিক নানা আয়োজন হয়ে থাকে, তার একটি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। স্যার নাকি ১৯৮৬ সালে দেশে ফিরে গণিতে সম্পৃক্ত ব্যক্তিদের এমন একটি আয়োজনের কথা বলেছেন। সে যাক গে, স্যারের কাছ থেকে ঠিকানা নিয়ে আইএমওর মহাসচিব জন ওয়েবকে চিঠি লিখলাম। তিনি জানালেন, আগে দেশে শুরু করো। এর মধ্যে আমার আর কায়কোবাদ স্যারের একটি কাজ হয়ে দাঁড়াল ছুটির দিনে খুব ভোরবেলায় জাফর ইকবাল স্যারের (মুহম্মদ জাফর ইকবাল) বাসায় যাওয়া। সেখানেই দেশে গণিত অলিম্পিয়াড শুরুর নানা দিক নিয়ে আলাপ হতো। এরপর ২০০১ সালের এপ্রিল মাসে দুই স্যার একদিন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে অনুরোধ করেন এক অভিনব বিষয়ের—পত্রিকার পাতায় গণিত অলিম্পিয়াড করার। ১৭ জুন, বিজ্ঞান প্রজন্মে প্রথম ছাপা হয় নিউরনে অনুরণন—বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। পাঁচটি সমস্যা ছাপানো হতো, যার সমাধান কখনো ছাপা হয়নি। যাতে সেগুলো সব সময় নতুন থাকে। পোস্টকার্ডে আসা সমাধানগুলো যাচাই করার ভার পড়েছে মুসা ইব্রাহীমের (যে গণিত করে, সে পাহাড়েও চড়ে) হাতে। প্রথম পাঁচটি সমস্যা জাফর ইকবাল স্যার লিখেছিলেন একটি বিয়ের কার্ডের উল্টো দিকে। কয়েক সপ্তাহের মধ্যে অবশ্য আমরা গোছানো হয়ে উঠি। মুসার রেজিস্টার খাতাও ভরে ওঠে কয়েক হাজার অংশগ্রহণকারীর নামে। অল্প দিনের মধ্যে আমরা দেশের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে গণিতের সৌন্দর্য অবগাহনের তৃষ্ণাটা টের পাই। শুরু হয় পত্রিকার পাতার বাইরে গণিত অলিম্পিয়াডকে নিয়ে যাওয়ার কাজ।প্রথমে প্রথম আলো কার্যালয়ের নয়তলার অডিটরিয়ামে। তারপর নারায়ণগঞ্জ ও রাজবাড়ী মাঠে। চট্টগ্রামে বড় আয়োজন। আর এসব করতে করতে গৌরাঙ্গ স্যারের (প্রয়াত অধ্যাপক গৌরাঙ্গ দেব রায়) উদ্যোগে সিলেটে প্রথম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। এর পরেরটুকু প্রায় সবারই জানা!চাই অনেক বইআমাদের কার্যক্রম শুরুর দিকে গৌরাঙ্গ স্যার একদিন আমাকে ফোন করে বললেন, আইএমওর সমস্যাগুলো বেজায় কঠিন। দ্বাদশ শ্রেণী কেন, আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বেশ কঠিন। আমি জানালাম, স্যার, ওরা ঠিকই পারবে। আমাদের খালি ওদের হাতে বইপত্র তুলে দিতে হবে ঠিকমতো।শুরু থেকে তাই আমরা জোর দিয়েছি বিশ্বমানের গণিতের বই বাংলা ভাষায় তুলে ধরতে। আমাদের ধারণা ছিল, কোনো প্রকাশকই এগুলো প্রকাশ করবেন না, নিজেদেরই চাঁদা দিয়ে বের করতে হবে। কিন্তু দেখা গেল, প্রকাশকেরা সবাই আগ্রহী হয়েছেন গণিতের বই প্রকাশে। এই এক দশকে দেশে প্রায় ১০০টির মতো বাংলা ভাষায় গণিতের বই প্রকাশিত হয়েছে। লেখকদের মধ্যে গৌরাঙ্গ দেব রায়, মুহম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ কায়কোবাদ যেমন রয়েছেন, তেমনি আমরা পেয়েছি এক ঝাঁক নতুন লেখকও। গণিত অলিম্পিয়াড না হলে আমরা কখনোই ডা. সৌমিত্র চক্রবর্তীকে খুঁজে পেতাম না, চিকিৎসকের জামার নিচে যে কিনা একজন আপাতমস্তক গণিতবিদ!গণিত শেখো, স্বপ্ন দেখোগণিত উৎসবের আমাদের স্লোগানটি একসঙ্গে দক্ষতা বাড়ানোয় ও এগিয়ে যাওয়ার প্রেরণা। যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, তাড়িয়ে নিয়ে বেড়ায়, সে স্বপ্নগুলোই আমরা নতুন প্রজন্মকে দেখতে বলি। বলি, গণিতটা ভালোমতো শেখা হলে স্বপ্নপূরণ সহজ হয়। তাদের স্বপ্নের সঙ্গে সঙ্গে আমরাও এগিয়ে চলি আমাদের স্বপ্ন পূরণের পথে। এর মধ্যে আমরা পূরণ করেছি আমাদের প্রথম স্বপ্ন। ২০১০ সালের মধ্যে আইএমও থেকে পদক আনা, ২০০৯ সালেই সামিন, রিয়াসাত ও নাজিয়া চৌধুরী দেশের জন্য প্রথম ব্রোঞ্জ জয় করেছে। ২০১০ সালে তারিক আদনান সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।আমাদের দ্বিতীয় স্বপ্ন, ২০১২ সালের মধ্যে দেশে একাধিক গবেষণাকেন্দ্র গড়ে তোলা, যেখানে আন্তর্জাতিক মানের গবেষণা করবে আমাদের তরুণেরা। এরই মধ্যে পাটের জিন নকশা উন্মোচন, নতুন ধানের জাত উদ্ভাবন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষকেন্দ্র স্থাপনের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণেও অগ্রসর। ২০১৮ সালে মঙ্গল-মানব মিশনে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব লাভ আমাদের তৃতীয় স্বপ্ন। ২০১১ সালে ঢাকায় আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনের মাধ্যমে শুরু হচ্ছে আমাদের সেই লক্ষ্যাভিসারী যাত্রা। ২০২২ সালের ফিন্ডস মেডেল আর ২০৩০ সালের মধ্যে বিজ্ঞানের তিন শাখার যেকোনো একটিতে বাঙালির নোবেল পুরস্কারপ্রাপ্তি আমাদের বাকি দুই স্বপ্ন। আমি জানি, লক্ষ্যমাত্রার আগেই এগুলো পূরণ হবে।শুধু গণিত নয়গণিত উৎসবের কেন্দ্রে গণিত থাকলেও গণিতই আমাদের এই উৎসবের একমাত্র উপজীব্য নয়। গণিত উৎসবের লক্ষ্য দেশকে সামনে নিয়ে যাওয়া। কাজে, উৎসবের নানা কর্মকাণ্ডে দেশটাই হয়ে ওঠে মুখ্য। সকালে জাতীয় সংগীত গেয়ে, জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে শুরু হয় উৎসব। মাদক, মিথ্যা আর মুখস্থ তথা তিন ‘ম’কে ‘না’ বলার মধ্য দিয়ে এগিয়ে চলে উৎসব। সেই শিক্ষার্থীরা অঙ্গীকার করে—মাকে প্রতিদিন একবার খুশি করার, দেশের জন্য অন্তত একবার বিশ্বমানের হয়ে ওঠার; বাংলাভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে বুকে ধারণ করার আর সব শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানানোর। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন জানে, ১৯৭১ হলো চার অঙ্কের সবচেয়ে সুন্দর সংখ্যা।উৎসবের আঙিনায় তারা খুঁজে ফেরে নতুন বন্ধুদের। জেনে যায় একুশ শতকের তথ্যপ্রযুক্তিতে নিজেদের অবস্থান জোরদার করতে হলে বিকল্প নেই ওপেন সোর্সের। কেবল ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার নয়, সেই সঙ্গে মুক্ত দর্শনকে নিজেদের দর্শন হিসেবেই ভাবতে শেখে ওরা। ওদের সমর্থন জানাতে প্রকাশকেরাও হাজির থাকেন বিজ্ঞান ও গণিত বইয়ের পসরা নিয়ে।উদ্যোগ আর উদ্ভাবনে মনকে উদার করোএকটি গুগল পাওয়ার তরে হাজার গুগল গড়োগণিত শেখো, স্বপ্ন দেখো এই উৎসবের সব সময়ের স্লোগান। পাশাপাশি প্রতিবছরই এই উৎসবের একটি বিশেষ উপজীব্য থাকে। আমাদের দেশে রয়েছে নানা উদ্ভাবন আর উদ্যোগ। বিশ্বের ১৭টি উদ্ভিদের জিন নকশা উন্মোচিত হয়েছে। এর মধ্যে তিনটিই হয়েছে বাঙালির হাতে। একসময়কার বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নকশাকারও বাঙালি, আচার্য প্রফুল্ল চন্দ্রের দেশের লোক নানা উদ্যোগও নিয়েছে একসময়। কেমন করে যেন সেসবে ঘাটতি হয়েছে। নব উদ্যমে উদ্যোগ আর উদ্ভাবনকে এগিয়ে নিতে হবে। সে সঙ্গে নতুন প্রজন্মকে ‘ঠিকভাবে ভুল’ করার সুযোগ দিতে হবে। তথ্যপ্রযুক্তি একুশ শতকের চালক আর তথ্যপ্রযুক্তির উদ্যোগ ও উদ্ভাবনের প্রতীক ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। সিলিকন ভ্যালিতে একটি সফল উদ্যোগের জন্য একাধিক উদ্যোগের প্রয়োজন হয়। একইভাবে একটি উদ্ভাবনের জন্য নিতে হয় হাজারো উদ্ভাবনের চেষ্টা। তবেই সেটি সফল হয়। দেশে উদ্যোগ ও উদ্ভাবনকে উৎসাহ দিয়ে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের কথা বলা হবে। এবারের উৎসবে নিজেদের সাফল্যের গল্প শোনানোর জন্য সেখানে উপস্থিত থাকবেন দেশের সফল উদ্যোক্তাদের কয়েকজন।রুবিকের কিউবএ বছর থেকে গণিত উৎসব মঞ্চে অনুষ্ঠিত হবে রুবিক কিউব প্রতিযোগিতা। বিজয়ীরা যথারীতি হাজির হতে পারবে ঢাকার জাতীয় উৎসবে, মুক্ত রুবিক কিউব প্রতিযোগিতায়। সেটার জন্যও প্রস্তুতি নিতে হবে এখনই। সবার আমন্ত্রণকাল শুরু হচ্ছে আমাদের প্রাণের উৎসব। শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষক, অভিভাবকসহ সবাইকে আমাদের এই উৎসবে আমন্ত্রণ জানাই। উৎসবের অলিম্পিয়াড পর্বটি কেবল প্রাক-নিবন্ধিত শিক্ষার্থীদের জন্য। কিন্তু অন্যান্য আয়োজন সবার জন্য উন্মুক্ত। সৃজনশীল, সৃষ্টিশীল আর উদ্ভাবনের আনন্দে মেতে উঠবে আমাদের শিক্ষার্থীরা। তাদের লক্ষ্য, একটি জ্ঞানভিত্তিক সুখী বাংলাদেশ। সে জন্য নানা হাতিয়ারে ঋদ্ধ হয়ে উঠছে নতুন প্রজন্ম। এই দেশটাকে তারা বদলে দেবেই।আমাদের দরকার কেবল তাদের পাশে থাকা।আমরা জানি, আমাদের নতুন প্রজন্ম গণিত শেখে, স্বপ্নপূরণের পথে আবেগের চেয়েযুক্তিকে প্রাধান্য দেয়বেশি। গণিত ও যুক্তির শৃঙ্খলায় তারা এ সমাজকে, এ দেশকে বদলাতে চায়, বদলে ফেলে। জয় তাদের হবেই।গণিতের জয় হোক। গণিত উৎসবের জয় হোক।জামিলুর রেজা চৌধুরীসভাপতি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিনবমবারের মতো গণিত উৎসব শুরু হতে যাচ্ছে, যা সত্যিই বড় একটি ব্যাপার। উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মান ক্রমান্বয়েই উন্নত হচ্ছে। শিক্ষার্থীরা এখন কঠিন থেকে কঠিনতর গাণিতিক সমস্যার সমাধান নিমেষেই করতে পারছে। গণিত উৎসব শুরু হওয়ায় দেশের সব শিক্ষার্থীর মতো আমিও খুব আনন্দিত। গণিত অলিম্পিয়াড দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে একটা বিরাট উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করেছে। জাতীয়ভাবে উৎসাহ বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিকভাবে আমাদের সফলতা আসছে। আমাদের নির্দিষ্ট লক্ষ্যের পূর্বেই আমরা পদক জিতেছি। এখন আমাদের লক্ষ্য স্বর্ণ পদক অর্জন। আমাদের শিক্ষার্থীরা এখন আগের চেয়ে গণিতের প্রতি অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে। এই আগ্রহ ভবিষ্যতে তাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। গণিত অলিম্পিয়াডকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে রয়েছে উৎসাহ। গণিত উৎসবের সাফল্য কামনা করি। গণিত উৎসবে অংশ নেওয়া সব শিক্ষার্থীর প্রতি রইল শুভেচ্ছা।কে এস তাবরেজব্যবস্থাপনা পরিচালকডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডমুখস্থনির্ভর দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার বিপরীতে আনন্দের সঙ্গে সৃজনশীলতার বিকাশের উদাহরণ ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। এখন এটি আর শুধু শিক্ষার্থীদের একটি প্রতিযোগিতায় আবদ্ধ নেই। শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষকসহ সব শ্রেণী-পেশার মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। সবার কাছে আজ এটি একটি অনুসরণীয় দৃষ্টান্ত। শুধু শিক্ষার্থীদের গাণিতিক উৎকর্ষ বিকাশই নয়, গণিতকে বইয়ের অক্ষরের দায় থেকে বের করে খেলার মাঠে এনে আনন্দের উপলক্ষ তৈরি করেছে। মাত্র কয়েক বছরে গণিত উৎসবকে এমন একটি জায়গায় নিয়ে আসার জন্য সবার আগ্রহের পাশাপাশি দেশবরেণ্য কয়েকজন গণিতবিদ ও শিক্ষাবিদের অক্লান্ত পরিশ্রমের অবদান সর্বাগ্রে। এমন একটি সুসংগঠিত আয়োজনের পেছনে কাজ করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল স্বেচ্ছাসেবী। সাধুবাদ গণিত অলিম্পিয়াডের সব স্বেচ্ছাসেবীকে। আমাদের ছেলেমেয়েরা এখন আন্তর্জাতিক অঙ্গনে গণিতের মেধার প্রতিযোগিতায় অংশ নিয়ে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য সাফল্য লাভ করছে। আমাদের শিক্ষার্থীদের এসব অর্জন আবারও প্রমাণ করেছে তাদের মেধা ও দক্ষতা বিশ্বমানের। এসবই আমাদের জন্য বড় আনন্দের। বরাবরের মতো এবারও ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষার্থীদের, গণমানুষের প্রাণের গণিত উৎসবের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় বিগত বছরগুলোর মতো এবারের গণিত উৎসবের সব আয়োজন সফল হবে বলে আমি আশাবাদী। গণিত উৎসবের সব শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।মুহম্মদ জাফর ইকবালসহসভাপতিবাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিসারা দেশে নবমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আমাদের গণিত উৎসব। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের গণিতপ্রিয় শিক্ষক, মুভার্স, প্রথম আলো বন্ধুসভার সদস্য—সবাই প্রস্তুত এ উৎসব সফল করতে। এরই মধ্যে আমরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জয় করেছি। এখন তাই আমাদের আগ্রহ আরও বেড়েছে। গণিত উৎসব ঘিরে ইতিমধ্যে গণিতবিদদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য লক্ষ করা যাচ্ছে। আমরা আশা করছি, ছেলেমেয়েরা আগের চেয়ে বেশি উৎসাহ নিয়ে এবারের গণিত উৎসবে অংশ নেবে। এ আয়োজনের মাধ্যমে আরও খুদে গণিতবিদদের খুঁজে বের করতে চাই। প্রতিবার অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে আমরা ব্যাপক সহযোগিতা পাই। আশা করছি, এবারও আমরা সেই সহযোগিতা পাব। সেই সঙ্গে গণিত উৎসবে অংশ নেওয়া সব শিক্ষার্থীর জন্য রইল গণিতের ভালোবাসা।মোহাম্মদ কায়কোবাদসদস্যবাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিনবম গণিত উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছসেবী, প্রথম আলো ও ডাচ্-বাংলা ব্যাংককে অভিনন্দন জানাই। বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের মতো উন্নয়ন অনুকূল একটি সংস্কৃতিতে বিগত নয় বছর হয়ে আসছে। মানবসমাজের কোনো কর্মকাণ্ডে যদি আমরা সাফল্য পাই তা হবে মেধাভিত্তিক প্রতিযোগিতা, যা মহাপরাধীন ভারতবর্ষে বৈরী পরিবেশে জগদীশ চন্দ্র বসু, সত্যেন বোস ও মঘনাথ সাহা প্রমাণ করেছেন। তুলনামূলকভাবে দুর্বল শিক্ষাব্যবস্থা থেকেও আমাদের ছোট ছোট ছেলেমেয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে পদক নিয়ে আসছে, তা আমাদের মেধাভিত্তিক কর্মকাণ্ডের শ্রেয়তর যোগ্যতার প্রতিধ্বনি। নবম গণিত উৎসবের আশাতীত সাফল্য কামনা করি।ড. মাহবুব মজুমদারকোচবাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলএবারের গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া সব খুদে গণিতবিদকে অভিনন্দন। আমার বিশ্বাস, আইএমওতে ব্রোঞ্জ মেডেল অর্জন আমাদের সব শিক্ষার্থীকে অনুপ্রেরণা জোগাবে, সাহস সঞ্চার করতে সহায়তা করবে। আমাদের শিক্ষার্থীরা এখন জেনে গেছে, সুযোগ আর আগ্রহ পেলে আমরাও পারি বিশ্বের সামনে নিজেদের প্রতিভার প্রমাণ রাখতে। আমি শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে চাই যে গণিত অলিম্পিয়াড হলো প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটি প্রমাণিত জায়গা। এখানে ভালো করা মানেই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা। গণিত উৎসবে অংশ নেওয়া সব শিক্ষার্থীর জন্য শুভেচ্ছা।