মহিলাবিষয়ক অধিদপ্তরের চাকরি বিনিয়োগ তথ্যকেন্দ্রের মাধ্যমে গত ১০ বছরে (২০০১ সালের জুলাই থেকে গত আগস্ট মাস পর্যন্ত) মাত্র ৮৪ জন নারী চাকরি পেয়েছেন। এ সময়ে চাকরির জন্য কেন্দ্রে নিবন্ধনকারী নারীর সংখ্যা এক হাজার ৭৭২ জন। কেন্দ্রে কর্তব্যরত ব্যক্তিরা বলেছেন, সংখ্যাগুলো মোটেই সন্তোষজনক নয়। টেলিফোন না থাকাসহ কেন্দ্রটি নানাবিধ সমস্যায় জর্জরিত। নারীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে মাধ্যম হিসেবে কাজ করার জন্য তথ্যকেন্দ্রটি স্থাপন করা হয় ১৯৮৭ সালে। শুরুতে এটি ছিল একটি প্রকল্প। ২০০১ সালে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়। ৩৭/৩ ইস্কাটন গার্ডেন রোডে মহিলা অধিদপ্তরের নিচতলায় স্থাপিত এই কেন্দ্রটির শুরু থেকে এখন পর্যন্ত কতজন নারী চাকরি পেয়েছেন, সে তথ্য কেন্দ্র থেকে পাওয়া যায়নি। কর্মরত ব্যক্তিরা জানান, চাকরি পাওয়ার পর অনেকেই কেন্দ্রকে খবরটি জানান না। ফলে চাকরি পাওয়া নারীদের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয় না।তবে ১৯৯৫ সাল থেকে এখন পর্যন্ত মোট ছয় হাজার ৭৮৬ জন নিবন্ধনকারীর মধ্যে ৩২১ জন নারী চাকরি পেয়েছেন বলে তাঁরা জানান। কেন্দ্রে কর্তব্যরত ব্যক্তিরা বলেন, এখনো অনেক নারী কেন্দ্রের নামও শোনেননি। কেন্দ্রটি সম্পর্কে জানানোর জন্য আগে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলেও এ বছর কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি। যেকোনো বয়স ও যোগ্যতার নারী ১৫ টাকা নিবন্ধন ফি দিয়ে কেন্দ্রে চাকরির জন্য নিবন্ধন করতে পারেন। নিবন্ধনকারীরা একটি ফরমে তাঁদের যোগ্যতা, কী ধরনের চাকরি পছন্দ, ঢাকার বাইরে যেতে আপত্তি আছে কি না ইত্যাদি তথ্য দিয়ে যান। পরে পত্রিকায় বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি দেখে বা সরাসরি পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে কেন্দ্রের সদস্যরা চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে চাকরিপ্রার্থী নারীদের তথ্য জানান। এরপর চাকরিদাতা প্রতিষ্ঠানই প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার প্রক্রিয়া করে। এ ক্ষেত্রে আর তথ্যকেন্দ্রের কোনো দায়িত্ব থাকে না। নিবন্ধনকারী নারীরা তিন মাসের একটি কম্পিউটার কোর্স করার সুযোগ পাচ্ছেন। বর্তমানে মাত্র দুটি কম্পিউটার এ কাজে ব্যবহার করা হচ্ছে। এ প্রশিক্ষণে ইন্টারনেট ব্যবহারকে সম্পৃক্ত করা হয়নি। মহিলা অধিদপ্তরের কর্মসূচি কর্মকর্তা ও একই সঙ্গে কেন্দ্রের দায়িত্ব পালনকারী কর্মকর্তা শাহান শাহী প্রথম আলোকে বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হয়। কিন্তু কেন্দ্রের নিজস্ব কোনো টেলিফোন নেই। যাঁরা বিভিন্নভাবে কেন্দ্র সম্পর্কে জানেন, তাঁরাই চাকরি জন্য নিবন্ধন করছেন। এসব কারণে চাকরি পাওয়া নারীদের সংখ্যা আশাব্যঞ্জক নয়। গত আগস্ট মাসে কেন্দ্রে চাকরির জন্য নিবন্ধন করেন পটুয়াখালীর তাহমিনা আক্তার। অবশ্য নিবন্ধন করার পর তিনি কেন্দ্রের সহায়তা ছাড়াই একটি সরকারি চাকরি পেয়েছেন বলে জানান। টেলিফোনে তিনি প্রথম আলোকে বলেন, চাকরির বাজারে নারীরা বেশি হাবুডুবু খাচ্ছেন। কোনো মাধ্যম ছাড়া চাকরি পাওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই এ ধরনের কেন্দ্র থাকা জরুরি। তবে কেন্দ্রটি সম্পর্কে অনেক নারীই জানেন না। অধিদপ্তরের জেলা অফিসগুলোতেও কেন্দ্রটির কার্যক্রম থাকলে ভালো হয়। কেন্দ্রে কর্মরতরা জানালেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে চাকরিদাতা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা সংগ্রহ করা হয়। কিন্তু কেন্দ্রের জন্য মাত্র তিনটি পত্রিকা বরাদ্দ। ফলে বেশির ভাগ পত্রিকায় দেওয়া চাকরির বিজ্ঞপ্তিগুলো জানা সম্ভব হয় না। কেন্দ্রে কর্তব্যরতদের জন্য ইন্টারনেট ব্যবহারেরও সুযোগ নেই। ফলে অনেক তথ্যই অজানা থাকে।অধিদপ্তরের নিচতলার বারান্দা সংস্কার করে কেন্দ্রের কর্মরতদের বসার জায়গা করা হয়েছে। এক টেবিলের দুই পাশে দুজন বসেন। চেয়ার, টেবিল, ফ্যান এবং অন্যান্য অবকাঠামোর অবস্থাও খারাপ। বর্তমানে কেন্দ্রে সাতজন কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন।মহিলা অধিদপ্তরের পরিচালক নিজাম উদ্দিন আল-হোসাইনী প্রথম আলোকে বলেন, প্রতিযোগিতামূলক চাকরির বাজারে চাকরি পাওয়ার ক্ষেত্রে তথ্যকেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এ কেন্দ্রের মাধ্যমে চাকরি পাওয়া নারীদের সংখ্যাটি মোটেই সন্তোষজনক নয়। তিনি তথ্যকেন্দ্রের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।নিজাম উদ্দিন আল-হোসাইনী বলেন, অধিদপ্তর থেকে চাকরিপ্রার্থীদের বিষয়ে সুপারিশ করা হচ্ছে। কিন্তু সে সুপারিশে সব প্রতিষ্ঠান গুরুত্ব দেয় না। অন্তত সরকারি প্রতিষ্ঠানগুলো যাতে অধিদপ্তরের সুপারিশকে গুরুত্ব দিয়ে নারীদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়, সে ব্যাপারে সরকার একটি আদেশ জারি করলে অবস্থার উন্নতি হতে পারে। এতে সরকারি চাকরিতে নারী-পুরুষের অনুপাতে যে বিরাট বৈষম্য রয়েছে, তাও কমতে পারে।