১০ বছরেও নির্মাণকাজ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সার হাট দ্বিতীয় সেতুর নির্মাণকাজ ১০ বছরেও শেষ হয়নি। বরিশাল সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, ১৯৯৬-১৯৯৭ অর্থবছরে ঝালকাঠী জেলার সূতারলরি নামক স্থানে ১০৯ দশমিক ৬৭ মিটার দীর্ঘ ও ৪০ মিটার প্রস্থ সেতু নির্মাণের জন্য মেসার্স ফাউন্ডেশন লিমিটেডকে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় সোয়া দুই কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়। তৎকালীন জাতীয় সংসদের চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর সুপারিশে প্রকল্প স্থান পরিবর্তন করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট কোটালীপাড়া নদীর সংযোগমুখে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান আগৈলঝাড়ার পয়সারহাট এলাকায় দ্বিতীয় সেতু হিসেবে নির্মাণকাজ শুরু করে। ঠিকাদারি প্রতিষ্ঠান তৎকালীন সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে সেতুর চারটি কংক্রিট পিলার নির্মাণ করে দুই কোটি টাকা বিল তুলে নিয়ে যায়। পরে ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর আর কাজ করেনি। ১০ বছর ধরে নদীর মাঝে শুধু কংক্রিট পিলারই দাঁড়িয়ে আছে। নাম প্রকাশ না করার শর্তে বরিশাল সওজ বিভাগের জনৈক কর্মকর্তা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক আগেই দুই কোটি টাকা বিল তুলে নেয়। বরিশাল সওজ অফিস সূত্রে জানা গেছে, দুই কোটি টাকা ব্যয়ের পর বর্তমানে প্রকল্পটি বাতিল করে ওই স্থানে নতুন একটি আরসিসি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ২০ কোটি টাকার প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে।বরিশাল সওজ বিভাগের সহকারী প্রকৌশলী আবদুর রব বলেন, ‘বিষয়টি অনেক আগের। তা ছাড়া এ কাজের কে দায়িত্ব পালন করেছেন, তাও আমার জানা নেই। তবে আমার জানামতে, ঠিকাদার যে কাজ করেছে, তারই বিল নিয়েছে।’এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাহাব উদ্দিন বলেন, ‘১০ বছর যাবৎ প্রকল্পটি পড়ে আছে, এ কথা সত্য। আন্তর্জাতিক বাজারে বেইলি ব্রিজের স্টিল সিট না পাওয়ায় কাজ শেষ করা যায়নি। অপচয় কমাতে আগের চারটি কংক্রিট পিলারের দুটি রেখে নতুনভাবে কাজ করার চিন্তা রয়েছে। তবে এটি নতুন করে গৌরনদী-গোপালগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।’কাজ না করে ঠিকাদারের বিল তুলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এর কোনো সুযোগ নেই।’