উদ্বোধনের ১০ বছরেও পূর্ণতা পায়নি কক্সবাজার বেতারকেন্দ্র। উদ্বোধনের পর তিনটি বিভাগে ৯৮টি পদ সৃষ্টি করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু আজ অবধি অনুমোদন মেলেনি। মাত্র পাঁচজন কর্মকর্তা আর দৈনিক মজুরির ভিত্তিতে ২৯ জন কর্মচারী নিয়ে কোনোমতে কেন্দ্রটি চলছে। এ ছাড়া ট্রান্সমিটার কম ক্ষমতাসম্পন্ন। রেকর্ডিংয়ের সরঞ্জামাদিও সেকেলে। তাই বেশি দূর থেকে অনুষ্ঠান শোনা যায় না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০১ সালের ২৪ মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা সদরের লিংক রোডের পাশের পাহাড়ে কক্সবাজার বেতারকেন্দ্রের উদ্বোধন করেন। বেতারকেন্দ্র সূত্রে জানা যায়, উদ্বোধনের পর অনুষ্ঠান বিভাগে ৭৪টি, প্রকৌশল বিভাগে ১৫ ও বার্তা বিভাগে নয়টি পদ সৃষ্টি করা হয়। এই ৯৮টি পদ অনুমোদনের জন্য পাঠানো হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। কিন্তু আজ পর্যন্ত অনুমোদন মেলেনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে অনুষ্ঠান বিভাগে দুজন, প্রকৌশল বিভাগে দুজন ও বার্তা বিভাগে একজন কর্মকর্তা রয়েছেন। তাঁরা দৈনিক মজুরির ভিত্তিতে ২৯ জন কর্মচারী নিয়োগ দিয়ে চালাচ্ছেন কেন্দ্রের কার্যক্রম। শুরু থেকেই কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নেই। এই দায়িত্ব পালন করছেন একজন উপ-আঞ্চলিক পরিচালক। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক, নিজস্ব যন্ত্রী, সংগীত পরিচালক বা প্রযোজক নেই। একজন সংগীত সংকলক দিয়েই সব কাজ চালানো হচ্ছে। শিল্পী (সংগীত সংকলক) মোসলেহ উদ্দিন জানান, সংগীত সংকলক হলেও তাঁকে অন্যান্য দায়িত্বও পালন করতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক কর্মকর্তা জানান, কুমিল্লা বেতারের একটি কি বোর্ড দিয়ে এই কেন্দ্রে প্রায় দেড় বছর ধরে রেকর্ডিং চলছে। কি বোর্ডটি কুমিল্লায় ফেরত নেওয়ার পর শুধু হারমোনিয়াম দিয়ে গান রেকর্ডিং চলছে। এ ছাড়া রেকর্ডিংয়ের অন্যান্য সরঞ্জামাদিও পুরোনো। ফলে অনুষ্ঠানের মান খারাপ হয়। সূত্র জানায়, ১০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিটারটি পুরোনো হওয়ায় কেন্দ্র থেকে প্রচার করা অনুষ্ঠান আশপাশের গ্রামের মানুষও ভালো শুনতে পায় না। প্রাকৃতিক দুর্যোগের সতর্ক সংকেত প্রচার করা হলেও তা সাগরে জেলেদের কানে পৌঁছায় না। সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রের নিজস্ব কোনো যন্ত্রী, প্রযোজক, সংগীত পরিচালক না থাকায় গান রেকর্ডিং থেকে শুরু করে যাবতীয় অনুষ্ঠান চালানো হচ্ছে স্থানীয় যন্ত্রী ও শিল্পীদের দিয়ে। অনিয়মিত কর্মচারীদের বেতন দেওয়া হয় শিল্পী খাত থেকে। তাই শিল্পী সম্মানীর বড় অংশ চলে যায় বেতনে। মাঝেমধ্যে বাজেট সংকটের কারণে অনুষ্ঠান রেকর্ডিংও বন্ধ থাকে। এ সময় পুরোনো অনুষ্ঠান দিয়েই সম্প্রচার কার্যক্রম চালানো হয়। জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তথ্যমন্ত্রী ও তথ্যসচিব কেন্দ্রটি পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু আশ্বাস অনুযায়ী এখনো কিছু করা হয়নি। কেন্দ্রের পাশের ছনখোলা গ্রামের স্কুলশিক্ষক রহমত উল্লাহ জানান, কেন্দ্র থেকে সম্প্রচার করা অনুষ্ঠান আশপাশের গ্রামের মানুষ স্পষ্ট শুনতে পায় না। ঘূর্ণিঝড়সহ দুর্যোগের সতর্কসংকেত প্রচার করা হলেও সেই বার্তা সাগরে মাছ শিকাররত জেলেদের কানে পৌঁছায় না।কক্সবাজার বেতারশিল্পী সম্মিলন পরিষদের সভাপতি জসিমউদ্দিন বলেন, ‘পর্যটন শহর ও উপকূলীয় এলাকা হিসেবে বেতারকেন্দ্রটি কক্সবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের তৎকালীন শাসনামলে কেন্দ্রটি উদ্বোধন করা হয় বলেই বিগত চারদলীয় জোট সরকার এটিকে বেহাল দশায় ফেলে রেখেছিল বলে মনে করা হয়। তাই বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার কেন্দ্রটির লোকবল সংকটসহ যাবতীয় সমস্যার সমাধান করবেন বলে আশা করি।’ প্রকৌশল বিভাগের এক কর্মচারী জানান, এই বিভাগের মূল প্রাণ রেডিও টেকনিশিয়ান। অথচ এখানে কোনো টেকনিশিয়ান নেই। অন্য কেন্দ্র থেকে একজনকে সংযুক্তির মাধ্যমে নিয়োগ দিয়ে অনুষ্ঠান চালানো হচ্ছে।কক্সবাজার বেতারকেন্দ্রের উপ-আঞ্চলিক প্রকৌশলী সুব্রত কুমার দাশ জানান, প্রথম শ্রেণীর কেপিআই হলেও এই কেন্দ্রে বিদ্যুতের সরাসরি (সারাক্ষণ বিদ্যুৎ) সংযোগ নেই। ফলে লোডশেডিং বা দুর্যোগের সময় জেনারেটর দিয়ে অনুষ্ঠান সম্প্রচার করতে হয়। কিন্তু একমাত্র জেনারেটরটি মানসম্পন্ন না হওয়ায় দুর্যোগের সময় ঝুঁকি নিয়ে ট্রান্সমিটার চালাতে হয়। কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (চলতি দায়িত্ব) এস এম আবুল হোসেন বলেন, ‘জনবল সংকটসহ নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা ভালো অনুষ্ঠান সম্প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমান ট্রান্সমিটারটি ১০ কিলোওয়াটের। ফলে দূর থেকে অনুষ্ঠান শোনা যাচ্ছে না। তাই এখানে প্রয়োজন ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিটার। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’