১০ বছরেও সংস্কার হয়নি রাস্তাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের কাজ ও সময়মতো সংস্কারের অভাবে নীলফামারীর ডোমার উপজেলা শহর থেকে মুক্তির হাট সীমান্ত পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার এ অংশের দৈর্ঘ্য ২৬ কিলোমিটার।এলাকাবাসী জানায়, চিলাহাটি একটি প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র। এ অঞ্চলের ধান, পাট, সুপারিসহ বিভিন্ন কাঁচামাল সড়ক পথে দেশের বিভিন্ন প্রান্তে নেওয়া হয়। এ ছাড়া চিলাহাটি সীমান্ত এলাকা হওয়ায় এখানে রয়েছে বিডিআর ক্যাম্প, পুলিশ তদন্ত কেন্দ্র, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, কাস্টম ও ইমিগ্রেশন কার্যালয়। এত কিছু থাকার পরও শুধু অনুন্নত রাস্তার কারণে ব্যবসা-বাণিজ্যসহ সব দিক দিয়েই পিছিয়ে পড়ছে অঞ্চলটি।সরেজমিনে দেখা যায়, ডোমার থেকে মাত্র দুই কিলোমিটার রাস্তা ভালো থাকলেও বাকি রাস্তা জুড়ে ইট-সুরকি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলছে সীমিত আকারে। বেশিরভাগ মানুষ চলাচল করছে ভ্যান, রিকশা, বাইসাইকেল ও পায়ে হেঁটে।এ সময় ওই পথে যাওয়া একটি ওষুধ কোম্পানির পিকআপ ভ্যানের চালক সাদেকুল ইসলাম (৩৫) বলেন, ‘রাস্তার অবস্থা খুবই খারাপ। গাড়ি চালানো যায় না। রাস্তার যে দশা, তাতে কখন গাড়ি উল্টে পড়বে তার ঠিক ঠিকানা নেই। এ ছাড়া গাড়ির যন্ত্রাংশ তো হরহামেশাই নষ্ট হয়।’ওই সড়কের জোরাবাড়ী ইউনিয়নের হলহলিয়া গ্রামের শিক্ষক রফিকুল ইসলাম (৪০) বলেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন মেরামত না হওয়ায় এ অবস্থা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমার বাড়ি থেকে কর্মক্ষেত্রের দূরত্ব তিন কিলোমিটার। কিন্তু রাস্তাটি খারাপ হওয়ায় গাড়ি চলে কম । ফলে বাস কিংবা ভ্যান কিছুই পাওয়া যায় না। তাই পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হয়। এলাকার অনেক ছাত্রছাত্রীকে চার থেকে পাঁচ কিলোমিটার পথ হেঁটে স্কুল-কলেজে যেতে হচ্ছে।’ একই গ্রামের ধৌলু চন্দ্র রায় (৪০) বলেন, ‘রাস্তাটা নষ্ট হয়য়া খুব সমস্যা হইছে। এখন রাস্তাত কুনো সুময় বাস চলে, আবার বন্ধ হয়, ভ্যানত চইরলে ডবল ভাড়া দিয়াও পাওয়া যায়না। বাচ্চারা বাধ্য হয়য়া পায়ে হাঁটি স্কুল কলেজ যায়।’ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ আলী প্রামাণিক বলেন, চিলাহাটি একটি প্রাচীন ও প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখানে ভিড় করেন। শুধু অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দিন দিন ব্যবসা-বাণিজ্য থেকে পিছিয়ে পড়ছে অঞ্চলটি। তিনি আরও বলেন, রাস্তাটির করণে এখানকার মানুষ যেমন দুর্ভোগের শিকার হচ্ছে, তেমনিভাবে কৃষকেরাও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ডোমার উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া বলেন, ‘রাস্তাটির অবস্থা খুবই খরাপ, এটি সংস্কারের জন্য আমি ব্যক্তিগত ভাবে কয়েক দফা ঢাকা এলজিইডি বিভাগে যোগাযোগ করেছি। স্থানীয় এলজিইডির মাধ্যমে এস্টিমেটও জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি করা হবে।’ডোমার উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, ডোমার থেকে মুক্তির হাট সীমান্ত পর্যন্ত মোট ২৬ কিলোমিটার রাস্তা। এর মধ্যে ডোমার থেকে চিলাহাটি পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য দুই কোটি ৭০ লাখ টাকার এস্টিমেট করে ডোমার উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় এলজিইডিতে পাঠানো হয়েছে। আশা করছি চলতি অর্থ বছরে কাজটি শুরু করা যাবে।