১০ বছরের ওএসডি তালিকা চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে গত ১০ বছর অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করে রাখা কর্মকর্তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। কতজন কর্মকর্তা কত দিনের জন্য ওএসডি ছিলেন বা আছেন, প্রতি মাসে তাঁদের পেছনে বেতনসহ কত টাকা ব্যয় হচ্ছে, এ তালিকা আট সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।আজ সোমবার বিকেলে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।সাবেক সচিব এম আসাফউদ্দৌলাহ গত ৩১ মে রিট আবেদনটি করেন। দুই দিন রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত ওই অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুলও জারি করেন। নির্ধারিত কারণ ও সময়ের বাইরে কোনো দায়িত্ব ছাড়া সরকারি কর্মকর্তাদের ওএসডি করে রাখা ও জনগণের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া কেন অসাংবিধানিক হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করার বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা কেন করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।আট সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলামিন সরকার। শুনানিতে অনীক আর হক বলেন, বর্তমানে ৫৯১ জনকে ওএসডি করে রাখা হয়েছে। এর মধ্যে তি জন সচিব, ৩৭ জন অতিরিক্ত সচিব, ১৪৬ জন যুগ্ম সচিব, ১৭০ জন ডেপুটি সচিব, ১৯০ জন জ্যেষ্ঠ সহকারী সচিব ও ৪৫ জন সহকারী সচিব রয়েছেন। মূল বেতন হিসাবে প্রতি মাসে তাঁদের পেছনে এক কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা খরচ হয়। জনগণের ট্যাক্সের টাকা থেকে তাঁদের বেতন দেওয়া হয়।অনীক আর হক আরও বলেন, ওএসডি করার কারণে অনেক ক্ষেত্রেই মেধার ব্যবহার হচ্ছে না। সংবিধানের ২০(২)অনুচ্ছেদ অনুসারে অনুপার্জিত আয় কেউ ভোগ করতে পারবে না। ১৯৯১ সালের ৩ অক্টোবর মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কী কী কারণে ওএসডি রাখা যায় সে বিষয়ে বলা আছে। কিন্তু এখন ৯০ শতাংশ কর্মকর্তাকে কোনো কারণ ছাড়াই চিঠি দিয়ে ওএসডি করে রাখা হচ্ছে।