১০ বছরের গ্রেসির ব্যতিক্রমী ক্যাফে
কোনো ক্যাফেতে বসে ভালো-মন্দ খেতে যাওয়ার আগে পকেটের দিকে নজর দিতে হয়। কারণ, এক বেলা খাবারের জন্য শহরের ক্যাফেগুলোতে গচ্চা দিতে হয় বেশ কিছু অর্থ। আবার খাবারও খেতে হয় হিসাব করে। কিন্তু ভাবুন তো, আপনি ক্যাফেতে বসে মনের আনন্দে খেয়েই চলেছেন, অথচ এর জন্য আপনাকে কোনো দামই গুনতে হচ্ছে না। খাওয়া শেষে নিজের মতো আপনি ক্যাফে থেকে বের হয়ে গেলেন। এটা আদৌ সম্ভব কী সম্ভব নয়, এই দ্বিধা-দ্বন্দ্বে যাঁরা আছেন, জেনে রাখুন—এমন একটি ক্যাফে সত্যি সত্যিই আছে। তবে সব ভোজনবিলাসীর জন্য এই ক্যাফে নয়। যাঁরা দুবেলা পেট পুরে খেতে পারেন না, যাঁদের ঘরবাড়ি নেই, কেবল তাঁরাই এই ক্যাফেতে বসে নিশ্চিন্তে খেয়েছেন বড়দিনে। হ্যাঁ, শুধু এক দিনের জন্যই এই ক্যাফেতে গৃহহীনদের খাবারের ব্যবস্থা করেছিল যুক্তরাজ্যের মাত্র ১০ বছর বয়সী মেয়ে গ্রেসি ম্যাকনাল্টি। বাবার ইচ্ছানুযায়ী গতকাল মঙ্গলবার রাতে মোট ৫০ জন দরিদ্র মানুষের খাবারের আয়োজন করেছিল গ্রেসি। ‘ডেইলি মেইল’-এর খবরে বলা হয়, গ্রেসি যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ডিউসবেরিতে মায়ের সঙ্গে থাকে। গত আগস্টে একটি বড় ধরনের দুর্ঘটনায় তাঁর বাবা ক্রেইগ মারা যান। ৩৮ বছর বয়সী ক্রেইগ নিজে থেকেই প্রতিবছরের ২৬ ডিসেম্বর দরিদ্র মানুষের সকালের নাশতার ব্যবস্থা করতেন। তিনি চেয়েছিলেন এ বছরেই বড়দিনে দরিদ্রদের জন্য একটি ক্যাফে খুলবেন, যেখানে দরিদ্র মানুষ এক বেলা পেট পুরে ভালো খাবার খেতে পারবে। বাবার এসব কর্মকাণ্ড বেশ প্রভাবিত করত গ্রেসিকে। এসব কাজে বাবা তাঁকে বেশ উত্সাহ দিতেন। কিন্তু এবারের বড়দিন বাবা ছাড়া কাটানো ঠিক মেনে নিতে পারেনি গ্রেসি। তাই বাবা ক্রেইগের শেষ ইচ্ছাটাকে বাস্তবে রূপ দিতে মা ও ভাই-বোনদের সহযোগিতায় গতকাল ওই ক্যাফের আয়োজন করে গ্রেসি। বাসায় তৈরি খাবার দিয়ে ওই ক্যাফেতে ৫০ জন দরিদ্র মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছে সে। গ্রেসির মা শ্যারন ম্যাকনাল্টি বলেন, ‘ক্রেইগ মারা যাওয়ার পর গ্রেসি বলত, এ বছর সে বাসায় বড়দিন উদযাপন করবে না। তাঁর বাবার ইচ্ছা অনুযায়ী সে ওই দিন ঘরোয়া ক্যাফেতে গরিব মানুষকে খাওয়াতে চায়। এ কারণেই আমরা ওই ব্যবস্থার আয়োজন করি। ক্রেইগের সম্মানে এটা করতে পেরে আমরা খুবই আনন্দিত।’ শ্যারন আরও বলেন, ‘যখন মানুষ আমাদের ক্যাফেতে খাওয়ার জন্য আসছিলেন, তখন বেশ আনন্দ হচ্ছিল। আমরা তাঁদের জন্য পোশাকও কিনেছিলাম। আর খাবারের জন্য রাখা হয়েছিল স্যান্ডউইচ।’ এর আগে তাঁরা এলাকার গৃহহীন দরিদ্র মানুষদের টিকিট দিয়ে এসেছিলেন। ওই টিকিট নিয়েই তাঁরা ক্যাফেতে খেতে এসেছিলেন। এ জন্য স্থানীয় একটি দাতব্য সংস্থা অর্থের জোগান দিয়েছিল। আর এই পুরো আয়োজনে গ্রেসিকে সহায়তা করেছিলেন তার মাসহ বোন ক্রিস্টি (১৯), ভাই টমাস (২১) ও জেমস (২৬)। বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত খোলা ছিল এই ক্যাফে। ‘এটা আমার জীবনের সবচেয়ে আনন্দঘন একটি বড়দিন। বাবার জন্য আমার খুব গর্ব হয়। তাই তাঁর জন্য কিছু একটা করতে চেয়েছিলাম। মানুষও এটাকে ভালো চোখে দেখছে। আমি মাকে বলেছি, এখন থেকে প্রতিবছর এই দিনে আমি এই ক্যাফে চালু রাখতে চাই।’ এভাবেই নিজের অনুভূতি জানিয়েছে গ্রেসি।