মেঘনা ও গোমতী সেতুর স্থায়ী মেরামতের কাজ প্রায় শেষ। ২১ মার্চ থেকে সেতু দুটি চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে। মেরামতের কাজ করা সেনাবাহিনী বলছে, এগুলো আগামী ১০ বছর ঝুঁকিমুক্ত থাকবে।সরকার গত বছরের মে মাসে মেঘনা ও গোমতী সেতু মেরামতের দায়িত্ব দেয় সেনাবাহিনীকে। সেনাবাহিনী প্রথমে আপৎকালীন মেরামত করে। চলতি বছরের জানুয়ারি শুরু করে স্থায়ী মেরামতের কাজ। তিন পর্বে বিভক্ত এই স্থায়ী মেরামতের কাজের শেষ পর্ব চলছে এখন। মেঘনা ও গোমতী সেতু পুনর্বাসন প্রকল্পের পরিচালক কর্নেল সাজ্জাদ হোসেন শনিবার গোমতী সেতুর পূর্ব পাড়ে প্রকল্পের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ২০ মার্চ সেতুর মেরামতকাজ শেষ হচ্ছে এবং পরদিন থেকে পুরোদমে যানবাহন চলাচল শুরু করতে পারবে। গোমতী সেতুর পিলারের নিচে মাটি সরে যাওয়ার কারণে যে গভীর গর্ত তৈরি হয়েছে, তা ভরাটের কাজ চলবে। তবে এর জন্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হবে না।সংস্কারকাজের জন্য ১৫ মার্চ সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ সেতু দুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-চট্টগ্রাম পথের যানবাহন ঢাকার কাঁচপুর সেতু পার হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে বিকল্প পথে চলছে। দাউদকান্দিসহ আশপাশের কিছু যানবাহন ফেরিতেও পারাপার হচ্ছে।প্রকল্পের অধীনে মেঘনা সেতুতে ৩৬টি বিয়ারিং ও ১৩টি সম্প্রসারণযোগ্য সংযোগ এবং গোমতী সেতুতে ৬০টি বিয়ারিং ও ১৭টি সম্প্রসারণযোগ্য সংযোগ প্রতিস্থাপন করা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর মাসে রাতে যান চলাচল বন্ধ রেখে বিয়ারিং ও সংযোগগুলো প্রাথমিকভাবে মেরামত করা হয়েছিল।গোমতী সেতুর তিনটি পিলারের তলার মাটি সরে গিয়ে সর্বোচ্চ ২৯ মিটার পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে। বালুর বস্তা ও জিও ব্যাগ দিয়ে তা ভরা হচ্ছে। তিনটি পিলারের নিচে ৬৪ লাখ বালুর বস্তা ও ২৩ লাখ জিও ব্যাগ ফেলা হবে। সিসি ব্লক দেওয়া হবে ৮৮ হাজার। সেতুর সৌন্দর্য বাড়াতে রং করা এবং অকেজো বাতি বদলানোর কাজও হচ্ছে। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৩৬ কোটি টাকা। মূল সেতুর মেরামত কাজ প্রায় শেষ হলেও প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ৪০ শতাংশ। সময়সীমা ধরা হয়েছে আগামী জুন মাস পর্যন্ত। তবে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, এর আগেই কাজ শেষ হয়ে যাবে।গোমতী সেতুর বিয়ারিং ও সম্প্রসারণযোগ্য সংযোগগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যানবাহন চলার সময় বিকট শব্দ হতো। ঝুঁকিপূর্ণভাবে কম্পনও অনুভূত হতো। এ অবস্থায় সরকার এটি মেরামতের উদ্যোগ নিয়ে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়। এ সময় মেঘনা সেতুও পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে বলা হয়। পরবর্তী সময়ে এ সেতুর বিয়ারিং ও সম্প্রসারণযোগ্য সংযোগগুলোও মেরামতের উদ্যোগ নেওয়া হয়।সেতু দুটি মেরামতে ইনফ্রাটেক কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করে সেনাবাহিনী। এটি মালয়েশিয়ার প্রতিষ্ঠান হারকিউলিসের সঙ্গে যৌথভাবে কাজ করছে।নদীর তলার মাটি সরে যাওয়ার কারণ হিসেবে অতিরিক্ত মালবাহী জাহাজ চলাচল এবং অতিরিক্ত স্রোতের কথা বলা হয়েছে। তবে এত দ্রুত কেন সেতুর সম্প্রসারণযোগ্য সংযোগগুলো নষ্ট হয়েছে, সে বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাত্র ২০০৮ সালে সম্প্রসারণযোগ্য সংযোগ মেরামত করা হয়েছিল।মেঘনা ও গোমতী সেতু দিয়ে এখন প্রতিদিন গড়ে ২০ হাজার যানবাহন চলাচল করে।